পারস্য উপসাগরে সেনা পাঠানোর স্বপ্নও দেখবে না যুক্তরাষ্ট্র: ইরান
অনলাইন ডেস্ক
পারস্য উপসাগর এখন সম্পূর্ণভাবে ইরানের সেনাবাহিনী ও ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেছেন দেশটির বিচার বিভাগীয় প্রধান গোলামহোসেন মোহসেনি-এজেই। তিনি বলেছেন, মার্কিন বাহিনী আর কখনো এই অঞ্চলে উপস্থিতি প্রতিষ্ঠা করতে বা অবাধে কার্যক্রম চালাতে পারবে না।
ইরানের নৌবাহিনী দিবস উপলক্ষে শনিবার দেওয়া এক বার্তায় মোহসেনি-এজেই বলেন, সাহসী ও অনুগত সেনাবাহিনী এবং আইআরজিসির নিয়ন্ত্রণে থাকা পারস্য উপসাগরে উপস্থিত থাকার বা কার্যক্রম চালানোর স্বপ্নও আর আমেরিকানরা দেখবে না। তিনি আরও জানান, ইরানের নৌবাহিনী পূর্ব হরমুজ প্রণালি থেকে উত্তর ভারত মহাসাগর পর্যন্ত বিস্তৃত জলসীমার ওপর নিয়ন্ত্রণ বজায় রেখেছে এবং চূড়ান্ত বিজয় ইরানের সশস্ত্র বাহিনীরই হবে।
ইরানি নৌবাহিনীকে দেশের জাতীয় শক্তির অন্যতম প্রধান স্তম্ভ উল্লেখ করে তিনি বলেন, সামুদ্রিক শক্তি সুরক্ষার পাশাপাশি ‘ডেনা’, ‘জোশান’, ‘সাহান্দ’ ও ‘সাবালান’ জাহাজে নিহত নাবিকদের উত্তরাধিকার বহন করাই এর দায়িত্ব। বিচার বিভাগীয় প্রধানের দাবি, সেনাবাহিনীর নৌ সদস্য ও আইআরজিসির সদস্যরা কাঁধে কাঁধ মিলিয়ে আগ্রাসীদের সামরিক শক্তির মোকাবিলা করেছেন এবং যুক্তরাষ্ট্রকে পারস্য উপসাগর থেকে বিতাড়িত করেছেন।
চলতি বছরের মাঝামাঝি সময় থেকেই ইরানের সামরিক কর্মকর্তারা বারবার দাবি করে আসছেন যে পারস্য উপসাগর ও হরমুজ প্রণালি থেকে মার্কিন বাহিনী ও যুদ্ধজাহাজ হটিয়ে দেওয়া হয়েছে। গত আগস্টে আইআরজিসির এক মুখপাত্র পারস্য উপসাগরকে মার্কিন যুদ্ধজাহাজমুক্ত বলে ঘোষণা করেন। এরপর অক্টোবরে আইআরজিসির কমান্ডার-ইন-চিফের জ্যেষ্ঠ উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল আলী ফাদাভি দাবি করেন যে ইতিহাসে প্রথমবারের মতো পারস্য উপসাগর, হরমুজ প্রণালি, ওমান সাগর এমনকি উত্তর ভারত মহাসাগরেও কোনো মার্কিন জাহাজ নেই।
সূত্র: প্রেস টিভি
