পাহাড়িকা এক্সপ্রেস বিলম্বে ছাড়ায় চট্টগ্রামে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:
চট্টগ্রাম রেলস্টেশন থেকে তিন ঘণ্টা বিলম্বে ছেড়েছে সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস। বুধবার সকাল ৭টা ৫০ মিনিটে ট্রেনটি চট্টগ্রাম ছেড়ে যাওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত সিলেটের উদ্দেশে ছেড়েছে সকাল ১০টা ৫০ মিনিটে। নির্ধারিত সময়ের প্রায় তিন ঘণ্টা পর ট্রেন ছাড়ায় স্টেশন মাস্টারের কক্ষের সামনে বিক্ষোভ করেছেন ক্ষুব্ধ যাত্রীরা। বুধবার সকালে চট্টগ্রাম রেল স্টেশনে এ ঘটনা ঘটে।

যাত্রীদের অভিযোগ, পাহাড়িকা এক্সপ্রেসের ইঞ্জিন খুলে অন্য একটি ট্রেনে সংযুক্ত করা হয়। এতে নির্ধারিত সময়ে ট্রেনটি ছেড়ে যেতে পারেনি। কয়েক শ যাত্রী প্ল্যাটফর্মে আটকে পড়েন। এক পর্যায়ে ক্ষুব্ধ হয়ে ৭০ থেকে ৮০ জন যাত্রী স্টেশন মাস্টারের কক্ষের সামনে গিয়ে বিক্ষোভ করেন। এ ছাড়া প্ল্যাটফর্মেও যাত্রীদের বিক্ষোভ করতে দেখা যায়। এ ঘটনার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে দেখা যায়, যাত্রীরা স্লোগান দিতে দিতে প্ল্যাটফর্ম থেকে স্টেশন ম্যানেজারের কক্ষে যান। সেখানে ম্যানেজারকে না পেয়ে বিক্ষোভ করে যাত্রীরা। এ সময় ‘রেলের যাত্রী ভোগান্তি, চলবে না চলবে না’ বলে স্লোগান দিতে থাকেন তারা।

রেলওয়ে সূত্রে জানা যায়, ইঞ্জিন-সংকটের কারণে পাহাড়িকা এক্সপ্রেস প্রায়ই নির্ধারিত সময়ে চলাচল করতে পারছে না। সিলেট থেকে চট্টগ্রামে আসা ট্রেনের ইঞ্জিন প্রয়োজনীয় কার্যক্রম শেষে পুনরায় সিলেটগামী ট্রেনে সংযুক্ত করতে হয়। এ কারণে ট্রেন ছাড়তে নিয়মিত বিলম্ব হচ্ছে।

চট্টগ্রাম রেলস্টেশনের মাস্টার আবু জাফর মজুমদার বলেন, সিলেট থেকে ছেড়ে আসা একটি ট্রেনের চট্টগ্রামে পৌঁছানোর নির্ধারিত সময় ছিল ভোর ৫টা ৩৫ মিনিট। তবে ট্রেনটি প্রায় দুই ঘণ্টা দেরিতে পৌঁছানোয় চট্টগ্রাম থেকে পাহাড়িকা এক্সপ্রেস ছাড়তেও বিলম্ব হয়েছে। ইঞ্জিন-সংকটের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights