পা ফুলে একাকার তবুও মাঠ ছাড়তে চাননি মেসি!

অনলাইন ডেস্ক

চোটের কারণে খেলা চালিয়ে যাওয়া সম্ভব ছিলো না জেনেও মাঠ ছাড়তে চাচ্ছিলেন না লিওনেল মেসি। কোপার ফাইনালে তখনও তার দল গোলের দেখা পায়নি। আর সেকারণেই হয়তো চোট পেয়ে কিছুটা বিষন্নতায় ভুগছিলেন এই আর্জেন্টাইন তারকা।

অ‍্যাঙ্কেলে চোট নিয়েও খেলা চালিয়ে যেতে চেয়েছিলেন আর্জেন্টিনার অধিনায়ক। ম‍্যাচ শেষে দলটির কোচ লিওনেল স্কালোনি জানালেন, মাঠ ছাড়তে চাচ্ছিলেন না মেসি।

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার হার্ড রক স্টেডিয়ামে কোপা আমেরিকার ফাইনালে ৬৪ মিনিটের সময় চোখে জল নিয়ে মাঠ ছাড়েন মেসি। দ্বিতীয়বার পাওয়া চোটের তীব্রতাও ছিল খুব বেশি। ডান পায়ে তিনি আর জুতাও রাখতে পারেননি।
পরে বিভিন্ন ছবি ও ভিডিওতে দেখা যায় মেসির ডান পায়ের অ্যাঙ্কেল ফুলে গেছে। এসময় ডাগআউটে বসে অঝোরে কাঁদতে থাকেন তিনি।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আর্জেন্টিনা কোচ জানান, ‘লিওর মাঝে এমন কিছু আছে, যা সবার থাকা উচিত। সে ইতিহাসের সেরা এবং অ্যাঙ্কেলের এই অবস্থা নিয়েও সে মাঠ ছেড়ে যেতে চাইছিল না।’

স্কালোনির ভাষায়, ‘বিষয়টা এমন না যে, সে স্বার্থপর। (সে মাঠ ছাড়তে চায়নি) কারণ সতীর্থদের হতাশ করে একা ছেড়ে দিতে চায়নি। মাঠে থাকার জন্যই তার জন্ম হয়েছে।’

মেসির চোটের মাত্রা অবশ্য জানা যায়নি। আর্জেন্টিনার আপাতত খেলা না থাকায় তার চোট মূলত ইন্টার মায়ামির জন্য চিন্তার কারণ। আন্তর্জাতিক বিরতিতে আসার আগে চলতি লিগে ১২ ম্যাচে ১২ গোল ও ৯ অ্যাসিস্ট করে মায়ামিকে এগিয়ে নেওয়ার বড় কারিগর যে ছিলেন মেসিই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights