বগুড়া স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কক্সবাজারে গ্রেফতার

অনলাইন ডেস্ক

বগুড়া জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও শাহজাহানপুরের খরনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজেদুর রহমান শাহিনসহ সংগঠনটির চার নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টায় কক্সবাজার সদর এলাকায় অভিযান চালিয়ে বগুড়া জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) তাদের গ্রেফতার করে।

গ্রেফতার অন্য ব্যক্তিরা হলেন- বগুড়া জেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহসভাপতি শেখ আরমান হোসেন রিপন, শহর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মো. ভাদু এবং স্বেচ্ছাসেবক লীগ নেতা ফেরদৌস।

এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক ইকবাল বাহার।

জানা গেছে, গ্রেফতার ব্যক্তিরা ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান চলাকালে হামলা, সহিংসতা ও হত্যা মামলাসহ একাধিক মামলার এজাহারনামীয় আসামি। ছাত্র-জনতার অভ্যুত্থানের পর থেকে তারা আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজারের চকরিয়া ও সদর থানার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

বগুড়া জেলা গোয়েন্দা শাখার পরিদর্শক ইকবাল বাহার জানান, কক্সবাজার থেকে গ্রেফতার হওয়া চার আসামিকে বগুড়ায় নিয়ে আসা হচ্ছে। মঙ্গলবার তাদের আদালতে হাজির করার কথা রয়েছে। আইনি ব্যবস্থা গ্রহণের পর এ বিষয়ে বিস্তারিত গণমাধ্যমকে জানানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights