বন্দরনগরীর দুঃখ জলাবদ্ধতা
রেজা মুজাম্মেল, চট্টগ্রাম
চট্টগ্রাম নগরের অন্যতম বড় সমস্যা জলাবদ্ধতা। গত তিন দশক ধরেই বর্ষা মৌসুমে ভোগাচ্ছে নগরবাসীকে। প্রতি বছর কোটি টাকা খরচ করেও এর সুফল মিলছে না। তবে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) ২০১৮ সালে জলাবদ্ধতা নিরসনে মেগা প্রকল্প গ্রহণ করে। করোনা, ভূমি অধিগ্রহণ জটিলতাসহ নানা সংকট কাটিয়ে অবশেষে আলোর মুখ দেখছে মেগা প্রকল্প। এখন কাজ শেষ ৯৬ শতাংশ। আগামী বছরের ফেব্রুয়ারিতে কাজ শেষ এবং এপ্রিল মাসে সিডিএ চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করার কথা।
সিডিএ ৮ হাজার ৬২৬ কোটি টাকা ব্যয়ে ‘চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা নিরসনকল্পে খাল পুনঃখনন, সম্প্রসারণ, সংস্কার ও উন্নয়ন’ শীর্ষক মেগা প্রকল্পটি বাস্তবায়ন করছে। কাজটি সম্পন্ন করছে বাংলাদেশ সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড। জলাবদ্ধতা নিরসন মেগা প্রকল্পের কিছু সুফল গত দুই বর্ষা মৌসুমে নগরবাসী ভোগ করেছে। অঞ্চল ভেদে কিছু এলাকায় জলাবদ্ধতা কমছে। কিছু এলাকায় পানি জমলেও দ্রুত নেমে যায়। অতীতের মতো দীর্ঘ সময় ধরে পানি জমে থাকেনি। কমে এসেছে জলাবদ্ধ এলাকার সংখ্যা। আবার কিছু এলাকায় নতুন করে জলাবদ্ধতাও হয়। তবে প্রকল্পের কাজ সম্পূর্ণ শেষ হলে এর কাক্সিক্ষত সুফল পাওয়ার আশা প্রকাশ করেছে সিডিএ।
জানা যায়, বর্তমানে নগরীর জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ প্রায় ৯৬ শতাংশ শেষ। বাকি কাজ আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যে সম্পন্ন করার প্রস্তুতি চলছে। গত ২৩ সেপ্টেম্বর চসিক কার্যালয়ে জলাবদ্ধতা নিরসনে করণীয় নির্ধারণে সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সেখানে সিডিএ প্রকল্প হস্তান্তরের পর কারিগরি জ্ঞান বিনিময় এবং রক্ষণাবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ নিয়ে একটি রোডম্যাপ উপস্থাপন করে। এরপর এপ্রিল থেকে এই প্রকল্পের দায়িত্ব চসিককে বুঝে দেওয়ার কথা।
সিডিএর চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন বলেন, জলাবদ্ধতা নিরসনে মেগা প্রকল্পের কাজ ৯৬ শতাংশ শেষ। বাকি কাজ আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে শেষ করার পরিকল্পনা নিয়ে এগোচ্ছি। সম্পূর্ণ কাজ শেষ হলে প্রকল্পটি চসিককে বুঝিয়ে দেওয়া হবে। প্রকল্প বুঝিয়ে দেওয়ার সময় কারিগরি কাজ, সংস্কারকাজ শেষে খালগুলোর বিদ্যমান জটিলতা, কাজ করতে কী কী যন্ত্র লাগবে- সব আলোচনা করা হবে। এরই মধ্যে বিষয়টি আমরা চসিককে বলে রেখেছি। যাতে চসিক এ ব্যাপারে দাপ্তরিক প্রয়োজনীয় প্রস্তুতি নিতে পারে।
বন্দরনগরীর দুঃখ জলাবদ্ধতা
প্রকল্প সূত্রে জানা যায়, ২০১৭ সালের ৯ আগস্ট ৫ হাজার ৬১৬ কোটি টাকা ব্যয়ে সিডিএর জলাবদ্ধতা নিরসনে মেগা প্রকল্পটির অনুমোদন দেয় একনেক। প্রকল্প বাস্তবায়নে ২০১৮ সালের ৯ এপ্রিল সেনাবাহিনীর সঙ্গে সমঝোতা চুক্তি (এমওইউ) স্বাক্ষর করে সিডিএ। এরপর ২৮ এপ্রিল নগরীর চশমা খালের আবর্জনা অপসারণের মধ্যে প্রকল্পের কাজ শুরু হয়। প্রকল্পের মেয়াদকাল ছিল ২০২০ সালের জুন পর্যন্ত। পরে প্রকল্পের মেয়াদ বৃদ্ধি করা হয় ২০২৩ সালের জুন পর্যন্ত। ২০২৩ সালের নভেম্বরে সংশোধন করে প্রকল্প ব্যয় ৩ হাজার ১০ কোটি টাকা বৃদ্ধি করে মোট ব্যয় ধরা হয় ৮ হাজার ৬২৬ কোটি টাকা। মেয়াদ ধরা হয় ২০২৬ সালের জুন পর্যন্ত। প্রকল্পের আওতায় ১৬৩ কিলোমিটার প্রতিরক্ষা দেয়াল, ১১৫টি সেতু ও কালভার্ট, ২৭টি সিল্ট ট্র্যাপ, ছয়টি রেগুলেটর, ২৩ দশমিক ২০ কিলোমিটর নতুন নালা, ৩৬ দশমিক ৮৭ কিলোমিটার খালের পাশে সড়ক নির্মাণ এবং ৯০ দশমিক ৫০ কিলোমিটার নালা সম্প্রসারণ করা হচ্ছে। এর মধ্যে ২৬টি খাল শতভাগ এবং সাতটি খালের ৮৭-৯৭ শতাংশ কাজ শেষ। বাকি তিনটির মধ্যে রামপুর খালের কাজও ৭৫ শতাংশ শেষ।
