বাজারে আসছে নতুন নকশার ২০ ও ৫০ টাকার নোট

অনলাইন ডেস্ক
বাজারে ছেঁড়া-ফাটা নোটের ছড়াছড়ি, কারণ নতুন টাকার সরবরাহ কম। দীর্ঘদিন পর আগামী সপ্তাহে বাজারে আসছে নতুন নকশার ২০ ও ৫০ টাকার নোট। তবে ১০০ টাকার নোট নতুন নকশায় নয়, আগের নকশাতেই বাজারে ছাড়া হবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা বলেন, চলতি সপ্তাহেই নতুন নকশার নোট বাজারে ছাড়ার পরিকল্পনা ছিল। তবে গাজীপুরে পোশাকশ্রমিকদের আন্দোলনের কারণে নোট পরিবহনে প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হয়নি। এ কারণে নির্ধারিত সময়ে নোট বাজারে ছাড়া যায়নি।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, ২০ ও ৫০ টাকার নোট ছাপানো শেষ। টাঁকশাল আগামী সপ্তাহের মধ্যে বাংলাদেশ ব্যাংকে টাকা পাঠাবে। এরপর ব্যাংকগুলোকে সরবরাহ করা যাবে।

তিনি বলেন, আমরা বাংলাকিউআরের মাধ্যমে ডিজিটাল লেনদেন বাড়ানোকে উৎসাহ দিচ্ছি। এতে খুচরা টাকার চাহিদা ও ব্যবহার কমে আসবে। অনিয়ম ও দুর্নীতিও কমবে।

তিনি আরও বলেন, আগামী সপ্তাহে নিরাপত্তা নিশ্চিত করা এবং পরিবহনসহ প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হলে নতুন নোট বাজারে ছাড়ার প্রক্রিয়া শুরু হবে।

দেশে ১০, ২০, ৫০, ১০০, ২০০, ৫০০ ও ১০০০ টাকার ব্যাংক নোট ছাপায় কেন্দ্রীয় ব্যাংক। এসব নোটে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সই থাকে। অন্যদিকে, ১, ২ ও ৫ টাকা সরকারি নোট (ধাতব মুদ্রাসহ)। এসব নোটে অর্থ সচিবের সই থাকে। তবে দুই ধরনের নোটই ছাপানোর কাজ করে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংক অর্ডার অনুযায়ী, টাকা ছাপানোর ক্ষমতা কেন্দ্রীয় ব্যাংককে দেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংক সূত্র বলছে, টাকার নকশা অনুমোদন নিতে হয় প্রধানমন্ত্রীর কাছ থেকেও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights