বাবা-মা ব্যস্ত রিলস বানাতে, সমুদ্রে ভেসে যাচ্ছিল শিশু
অনলাইন ডেস্ক
সোশ্যাল মিডিয়ার রিল বানানোর উন্মাদনা কীভাবে মানুষের দায়িত্ববোধ ও সতর্কতার চেয়ে বেশি প্রাধান্য পেয়ে বসছে, সম্প্রতি ইন্টারনেটে ভাইরাল হওয়া একটি ভিডিও যেন তা-ই নতুন করে সামনে নিয়ে এল। সমুদ্রসৈকতে ক্যামেরা ও সেলফি স্টিকে রিলস বানাতে মগ্ন ছিলেন বাবা-মা, আর সেসময় ঢেউয়ের তোড়ে ভেসে যাচ্ছিল তাদের শিশু সন্তান।
মা-বাবার চরম বেখেয়ালি সেই মুহূর্তে কোনোমতে এক প্রত্যক্ষদর্শী ছুটে গিয়ে শিশুটিক রক্ষা করেন। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ পেতেই কড়া সমালোচনার ঝড় উঠেছে এবং অভিভাবকত্বের সচেতনতা নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।
ভাইরাল হওয়া সেই ভিডিও ফুটেজে দেখা যায়, সমুদ্রের বালুচরে এক দম্পতি ফোন বা সেলফি স্টিকের সাহায্যে নিজেদের একটি রিল ধারণে ব্যস্ত ছিলেন। ঠিক সেই সময়ই তাদের শিশুসন্তানটি জোয়ারের পানির খুব কাছাকাছি বিপজ্জনক অবস্থায় দাঁড়িয়ে ছিল। সমুদ্রের শক্তিশালী ঢেউ শিশুর দিকে তীব্র গতিতে ধেয়ে আসছিল এবং একপর্যায়ে শিশুটির পানিতে তলিয়ে যাওয়ার ঘোর আশঙ্কা তৈরি হয়। সৌভাগ্যবশত, কাছেই দাঁড়িয়ে থাকা একজন ব্যক্তি পরিস্থিতির সম্ভাব্য বিপদ বুঝতে পারেন। তিনি এক মুহূর্ত সময় নষ্ট না করে দ্রুত পানির দিকে দৌড়ে যান এবং শিশুটিকে নিরাপদে টেনে তোলেন। ওই ব্যক্তি সময়মতো এগিয়ে না এলে একটি ভয়াবহ দুর্ঘটনা ঘটে যেতে পারত।
এই ভিডিওটি জনসমক্ষে আসার পর পুরো নেটদুনিয়ায় নিন্দার ঝড় উঠেছে। শিশুটিকে কেন এত বিপজ্জনক পানির সীমানার কাছাকাছি কোনো ধরনের তত্ত্বাবধান ছাড়াই ফেলে রাখা হলো, তা নিয়ে হাজারো মানুষ প্রশ্ন তুলছেন। যদিও উদ্ধার পাওয়ার পর শিশুটি কেমন আছে কিংবা সে কোনো আঘাত পেয়েছে কি না, তা স্বাধীন কোনো সূত্র থেকে নিশ্চিত করা যায়নি। মূল ভিডিওটির সুনির্দিষ্ট সময় বা স্থান সম্পর্কেও এখনো পর্যন্ত কোনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি।
সূত্র: গালফ নিউজ
