বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ অগ্নিসংযোগ
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর বেশ কয়েকটি স্থানে গতকাল সকাল থেকে ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। দিনভর উত্তেজনার মধ্যে সন্ধ্যায় ফার্মগেটে মেট্রোরেল স্টেশনের নিচে একটি বাসে আগুন দেওয়া হয়। বাসের ধোঁয়া স্টেশনের ভিতরে ঢুকে পড়লে আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। নিরাপত্তার স্বার্থে সাময়িক বন্ধ রাখা হয় স্টেশনটি। প্রায় আধা ঘণ্টা পর আবার স্বাভাবিক হয় মেট্রোরেল চলাচল। রাজধানী ছাড়াও দেশের বিভিন্ন স্থানে বাসে অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে। রাজধানীর ঘটনা সম্পর্কে জানা গেছে, সকালে নিষিদ্ধ রামপুরা থানা আওয়ামী লীগের ব্যানারে একটি মিছিল বের করা হয়। এতে নেতৃত্ব দেন থানা আওয়ামী লীগের আহ্বায়ক মোস্তাক আহমেদ। মিছিল চলাকালে ৮ থেকে ১০টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় পৃথক মামলা হয়েছে। এর আগে খিলগাঁওয়ের আপন কফি শপের সামনে থেকে আরেকটি মিছিল বের হয়। ওই মিছিল থেকে কয়েকটি ককটেল বিস্ফোরণের ভিডিও ছড়িয়ে পড়ে। এ ছাড়াও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপকমিশনারের (ডিসি) কার্যালয়, মাটিকাটা এলাকার সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সামনে ককটেল বিস্ফোরণ ঘটে। তেজগাঁওয়ে সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের সামনে, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে, সরকারি তিতুমীর কলেজের প্রধান ফটক, আফতাবনগর এবং বাড্ডা পাসপোর্ট অফিসের সামনেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
রাজধানীর ফার্মগেটে মেট্রোরেল স্টেশনের নিচে বাসে আগুন এবং মেট্রোরেল যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ার ব্যাপারে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) সূত্র জানায়, মেট্রোরেল স্টেশনের ডিজেল জেনারেটরের ঠিক পাশেই বাসে আগুন দেওয়া হয়। পরে বাসের ধোঁয়া স্টেশনের ভিতরে ঢুকে পড়ে। এ সময় ফায়ার অ্যালার্ম বেজে ওঠে। আতঙ্কিত যাত্রীরা দ্রুত স্টেশন থেকে বের হওয়ার চেষ্টা করেন। পরিস্থিতি বিবেচনায় নিরাপত্তার স্বার্থে স্টেশনটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। স্টেশনের ডিজেল জেনারেটরে প্রায় ১ হাজার লিটার ডিজেল মজুত ছিল। বাসের আগুন জেনারেটরে ছড়িয়ে পড়লে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত। এ আশঙ্কায় দ্রুত যাত্রীদের স্টেশন থেকে সরিয়ে নেওয়া হয়।
মিরপুরে বাসে আগুন : রাজধানী মিরপুরের ১১ নম্বরে পাকিংয়ে রাখা বসুমতি পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল রাত ৯ টার এ ঘটনা ঘটে। তবে কেউ হতাহত হয়নি।
আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর-
সাভার (ঢাকা) : সাভারে আবারও পৃথক দুটি স্থানে পার্কিং করে রাখা দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রবিবার দিবাগত রাতে ঢাকা-আরিচা মহাসড়কের গেন্ডা ও বলিয়ারপুর এলাকায় এসব ঘটনা ঘটে। আগুনে বাস দুটির আসনসহ বিভিন্ন অংশ পুড়ে গেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ১টার দিকে সাভারের গেন্ডা বাসস্ট্যান্ড এলাকায় স্যালভেশন আর্মি স্কুলের সামনে সড়কের পাশে পার্কিং করে রাখা একটি পোশাক কারখানার শ্রমিকবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। এর পর ভোর ৪টার দিকে বলিয়ারপুর বাসস্ট্যান্ড এলাকায় টাটা সার্ভিসিং সেন্টারের সামনে পার্কিং করে রাখা ইতিহাস পরিবহনের আরেকটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের আরেকটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বাসটির ভিতরের আসনসহ বিভিন্ন অংশ পুড়ে যায়। সাভার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, ‘পৃথক দুটি স্থানে পার্কিং করে রাখা দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) তরিকুল ইসলাম বলেন, ঘটনাগুলো নাশকতা, নাকি অন্য কোনো কারণে ঘটেছে- তা গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) : নারায়ণগঞ্জের রূপগঞ্জে গভীর রাতে পৃথক স্থানে দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় গুলিবর্ষণের ঘটনাও ঘটেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। রবিবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার নলপাথর ও হাটাবো এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, তিনটি মোটরসাইকেলে আসা নয়জন দুর্বৃত্ত নলপাথরে টিএম মাস্টার ফিলিং স্টেশনে রাখা একটি বিআরটিসি বাসে আগুন দেয়। এ সময় তারা একরাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যায়। একই রাতে হাটাবো এলাকায় পোশাক কারখানার শ্রমিক পরিবহনে ব্যবহৃত আরেকটি বাসে আগুন দেওয়া হয়।
গাজীপুর : গাজীপুরের কালিয়াকৈরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দাঁড়িয়ে থাকা আজমেরী পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, গতকাল সন্ধ্যা পৌনে ৭টার দিকে কালিয়াকৈর উপজেলার চন্দ্রা বাসস্টেশনের পাশে আজমেরী পরিবহনের একটি বাসে হঠাৎ আগুন দেখতে পান স্থানীয়রা। এ সময় আশপাশের লোকজন আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালান। তারা আগুন নেভাতে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। কালিয়াকৈর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা তারিকুল ইসলাম জানান, আগুনে একটি বাস পুড়ে গেছে। তবে কীভাবে এ ঘটনা ঘটল ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে।
বরগুনা : বরগুনা পুলিশ লাইন্সের সামনে পার্কিং করে রাখা বিআরটিসির একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রবিবার দিনগত গভীররাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে বাসটির কিছু অংশ পুড়ে গেলেও বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। খোঁজ নিয়ে জানা গেছে, প্রতিদিনের মতো বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) একটি বাস বরগুনা পুলিশ লাইন্সের সামনের সড়কে পার্কিং করে রাখা হয়েছিল। মধ্যরাতে দুর্বৃত্তরা বাসটিতে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। এ সময় পুলিশ লাইন্সের সদস্যরা দ্রুত পানি দিয়ে আগুন নিভিয়ে ফেলেন। এতে বাসটির কিছু অংশ পুড়ে যায়। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পায় বাসটি। বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদৎ মো. হাচনাইন পারভেজ জানান, কারা এ ঘটনা ঘটিয়েছে, তা এখনো শনাক্ত করা যায়নি। জড়িতদের শনাক্ত করতে কাজ করছে পুলিশের একাধিক দল।
এছাড়াও ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জে ১০ মিনিটের ব্যবধানে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এরমধ্যে একটি দক্ষিণ কেরাণীগঞ্জ থানার সামনে ঘটে। গোপালগঞ্জের বিভিন্ন স্থানেও ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
