বুধের কক্ষপথে প্রবেশের পথে ইউরোপ-জাপানের যৌথ মহাকাশযান
অনলাইন ডেস্ক
আট বছরেরও বেশি সময় ধরে প্রায় ৬০০ কোটি মাইল পথ পাড়ি দিয়ে সৌরজগতের সবচেয়ে ছোট গ্রহ বুধে পৌঁছেছে ইউরোপ ও জাপানের যৌথ মহাকাশ অভিযান ‘বেপিকলম্বো’। দীর্ঘ যাত্রা শেষে মহাকাশযানটি এখন বুধ গ্রহের কক্ষপথে প্রবেশের প্রস্তুতি নিচ্ছে।
আগামী শনিবার মহাকাশযানটির থ্রাস্টার বা বিশেষ ইঞ্জিন চালু করে এটিকে বুধের কক্ষপথে প্রবেশ করানো হবে। সফল হলে ইতিহাসে দ্বিতীয়বারের মতো কোনো মহাকাশযান বুধ গ্রহকে কেন্দ্র করে প্রদক্ষিণ করবে।
বিজ্ঞানীদের মতে, ১৬০ কোটি ইউরো ব্যয়ের এই অভিযান বুধ গ্রহের উৎপত্তি, এর চৌম্বক ক্ষেত্রের রহস্য এবং গ্রহটির স্থায়ীভাবে অন্ধকারাচ্ছন্ন গর্তে জমে থাকা বরফের গঠন সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারে।
যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব লেস্টারের অধ্যাপক এমা বান্স বলেন, “আমরা অত্যন্ত উচ্ছ্বসিত। দীর্ঘদিনের অপেক্ষার অবসান হতে যাচ্ছে।” তিনি গত ২০ বছর ধরে এই প্রকল্পের সঙ্গে যুক্ত রয়েছেন।
বুধ গ্রহে পৌঁছানো মহাকাশযানের জন্য বেশ কঠিন। সূর্যের কাছাকাছি অবস্থানের কারণে এর প্রবল মহাকর্ষীয় আকর্ষণে মহাকাশযানের গতি বেড়ে যায়। ফলে গ্রহটিকে অতিক্রম করে চলে যাওয়া ঠেকাতে দীর্ঘ সময় ধরে গতি কমাতে হয়। এ কারণে পুরো অভিযানটি অত্যন্ত জটিল ও চ্যালেঞ্জিং।
অধ্যাপক বান্স বলেন, বেপিকলম্বো অভিযানের ‘মার্কারি ইমেজিং এক্স-রে স্পেকট্রোমিটার’ (মিক্স) নামের একটি যন্ত্র বুধের পৃষ্ঠের রাসায়নিক উপাদান বিশ্লেষণ করবে।
তবে বিজ্ঞানীরা এখনই পর্যবেক্ষণ শুরু করতে পারছেন না। আগামী ডিসেম্বরের শুরুতে মহাকাশযানটি দুটি পৃথক অরবিটারে বিভক্ত হবে। এর একটি হবে ইউরোপের এবং অন্যটি জাপানের। পরে এগুলো বুধের চারপাশে দুটি ভিন্ন মেরু কক্ষপথে অবস্থান নেবে। আগামী বছরের এপ্রিল থেকে মূল বৈজ্ঞানিক কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে।
ইউরোপীয় মহাকাশযানটির নাম মার্কারি প্ল্যানেটারি অরবিটার (এমপিও)। এটি বুধের পৃষ্ঠ ও রাসায়নিক গঠন উচ্চমাত্রার সূক্ষ্মতায় পর্যবেক্ষণ করবে। পাশাপাশি গ্রহটির অভ্যন্তরীণ গঠন এবং অস্বাভাবিকভাবে বড় কেন্দ্র বা কোর সম্পর্কেও তথ্য সংগ্রহ করবে।
অন্যদিকে জাপানের তৈরি মহাকাশযানটি বুধের চৌম্বক ক্ষেত্র এবং গ্রহটিকে ঘিরে থাকা সোডিয়ামসমৃদ্ধ এক্সোস্ফিয়ার বা অত্যন্ত পাতলা গ্যাসীয় স্তর বিশ্লেষণ করবে।
বুধের আকার চাঁদের চেয়ে মাত্র ৫০ শতাংশ বড় হলেও এর ভর চাঁদের প্রায় চার গুণ। কেন গ্রহটি এত বেশি ঘন, তা খুঁজে বের করাও এই অভিযানের অন্যতম লক্ষ্য।
ইউরোপীয় মহাকাশ সংস্থার (ইএসএ) বেপিকলম্বো প্রকল্পের প্রধান বিজ্ঞানী অধ্যাপক গেরাইন্ট জোনস বলেন, আট বছরের দীর্ঘ যাত্রাপথে সম্ভাব্য বৈজ্ঞানিক আবিষ্কারের প্রত্যাশাই সংশ্লিষ্ট বিজ্ঞানীদের উৎসাহ জুগিয়েছে।
তিনি বলেন, “দুটি মহাকাশযানে আরও শক্তিশালী যন্ত্রপাতি ব্যবহার করে গ্রহটির অভ্যন্তর, পৃষ্ঠ এবং চারপাশের মহাকাশ সম্পর্কে গবেষণা করা হবে। আমরা বিপুল পরিমাণ নতুন তথ্য পাওয়ার আশা করছি।”
বুধ সৌরজগতের অন্যতম চরম পরিবেশের গ্রহ। নিজ অক্ষের চারপাশে একবার ঘুরতে গ্রহটির ৫৮ পৃথিবী দিবস সময় লাগে। ফলে এর কোনো একটি নির্দিষ্ট স্থানে প্রায় তিন মাস ধরে দিন এবং পরবর্তী তিন মাস রাত থাকতে পারে।
সূর্য থেকে বুধের দূরত্ব প্রায় ৩ কোটি ৬০ লাখ মাইল, যা পৃথিবী থেকে সূর্যের দূরত্বের এক-তৃতীয়াংশের কিছু বেশি। গ্রহটির দিনের তাপমাত্রা ৪৫০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছায়। অন্যদিকে রাতে তাপমাত্রা নেমে আসে মাইনাস ১৮০ ডিগ্রি সেলসিয়াসে।
অধ্যাপক জোনস জানান, বিভিন্ন তরঙ্গদৈর্ঘ্যে কাজ করতে সক্ষম ক্যামেরার মাধ্যমে গ্রহটির পৃষ্ঠ পর্যবেক্ষণ করা হবে। পাশাপাশি এর চারপাশের গ্যাসের উপাদান বিশ্লেষণ, চৌম্বক ক্ষেত্র শনাক্ত, অত্যন্ত সংবেদনশীল যন্ত্রের সাহায্যে অভ্যন্তরীণ গঠন পরীক্ষা এবং লেজারের মাধ্যমে পুরো গ্রহের আকৃতি মানচিত্রে তুলে ধরা হবে।
বিজ্ঞানীদের ধারণা, মহাকাশযান দুটি প্রায় তিন বছর বুধের কক্ষপথে অবস্থান করবে। এরপর জ্বালানি শেষ হয়ে গেলে ধীরে ধীরে উচ্চতা হারিয়ে শেষ পর্যন্ত গ্রহটির পৃষ্ঠে আছড়ে পড়বে।
অধ্যাপক বান্স বলেন, “দুঃখজনক হলেও সত্য, মহাকাশযান দুটি আর পৃথিবীতে ফিরে আসবে না।”
তথ্যসূত্র-দ্যা গার্ডিয়ান
