ব্রি ধান ১০৩-এর বেশি ফলনে খুশি কৃষক
কুমিল্লা প্রতিনিধি
ব্রি উদ্ভাবিত আমন মওসুমের নতুন ধানের জাত ব্রি ধান ১০৩ প্রদর্শনীর মাঠ দিবস এবং নমুনা শস্য কর্তন করা হয়েছে। বেশি ফলন পেয়ে খুশি হন কৃষকরা। রবিবার কুমিল্লার বুড়িচং উপজেলার উত্তর গ্রামের মাঠে এই আয়োজন করা হয়।
নতুন এ জাতটি চলতি আমন মওসুমে বুড়িচং উপজেলায় বিভিন্ন ব্লকে এক একর করে ১০ একর জমিতে প্রদর্শনী স্থাপন করা হয়েছে। এসময় পার্টনার প্রকল্প, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুমিল্লার অফিসার, ব্রি‘র বিজ্ঞানী এবং কৃষকরা উপস্থিত ছিলেন।
সূত্রমতে,উত্তর গ্রামের কৃষক মির্জা কাজল, মোরশেদ আলম জসিম, মির্জা সৈকত, মো.আরিফের জমিতে এ বছর প্রথমবারের মতো ব্রি ধান১০৩ চাষ করা হয়। এসময় জমিতে ২০ বর্গমিটারে শুকনা ১৩.৫৮ কেজি ধান উৎপাদন হয়। হেক্টর প্রতি ফলন ৬.৭৯ টন । এই ফলনে প্রদর্শনী কৃষকসহ উপস্থিত কৃষকরা সন্তুষ্টি প্রকাশ করেন। পরবর্তী মওসুমে তারা ব্রি ধান১০৩ চাষে আগ্রহ প্রকাশ করেন।
উক্ত মাঠ দিবসে প্রধান অতিথি ছিলেন ব্রি‘র পরিচালক (প্রশাসন ও সাধারণ পরিচর্যা) ড. আমিনুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুমিল্লা অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোঃ আজিজুর রহমান, উপপরিচালক মোঃ মিজানুর রহমান, বিএডিসি কুমিল্লার উপপরিচালক (বীজ বিপণন) মো: নিগার হায়দার খান, উপজেলা কৃষি অফিসার মোছাঃ আফরিণা আক্তার, ব্রি কুমিল্লার এসএসও মোঃ মামুনুর রশিদ। সভাপতিত্ব করেন ব্রি আঞ্চলিক কার্যালয়ের সিএসও এবং প্রধান ড. মোহাম্মদ হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্রি কুমিল্লার এসএসও বিজয়া সাহা।
