মধ্যপ্রাচ্যে তৃতীয় মার্কিন রণতরী, নতুন যুদ্ধের পাঁয়তারা বলছে ইরান
অনলাইন ডেস্ক
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই ওই অঞ্চলে ‘ইউএসএস থিওডোর রুজভেল্ট’ নামের তৃতীয় বিমানবাহী রণতরী বা এয়ারক্রাফট ক্যারিয়ার মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। তবে ইরান বলছে, এর মাধ্যমে স্পষ্টভাবে প্রমাণ হয় যে আমেরিকানরা শান্তি প্রতিষ্ঠায় মোটেও আন্তরিক নয়; বরং তারা নতুন করে যুদ্ধ শুরুর পাঁয়তারা করছে। এর মধ্যেই মার্কিন মিত্র দেশ বাহরাইনে ড্রোন হামলা চালিয়েছে তেহরান।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনীর হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর গত ফেব্রুয়ারি মাসে এই যুদ্ধ শুরু হয়। এরপর কয়েক মাস ধরে চলা নানা কূটনৈতিক প্রচেষ্টা এই সংঘাত নিরসনে ব্যর্থ হয়েছে। গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এরই ধারাবাহিকতায় গত রোববার মধ্যপ্রাচ্যে ইউএসএস থিওডোর রুজভেল্ট এসে পৌঁছায়। এর ফলে ওই অঞ্চলে মোতায়েন করা যুক্তরাষ্ট্রের রণতরীর সংখ্যা বেড়ে তিনে দাঁড়াল।
মার্কিন এই রণতরী পৌঁছানোর পর ইরান কড়া প্রতিক্রিয়া দেখিয়েছে। তেহরানের দাবি, ওয়াশিংটনের ওপর তাদের কোনো আস্থা নেই। যুক্তরাষ্ট্র আসলে শান্তি আলোচনার নামে সময়ক্ষেপণ করছে। তারা মূলত নতুন করে আরেকটি বড় যুদ্ধ শুরুর জন্য নিজেদের সামরিক শক্তি ও সরঞ্জাম বাড়াচ্ছে। তবে এমন পরিস্থিতি মোকাবিলায় তেহরানও পুরোপুরি প্রস্তুত রয়েছে। ইরানি কর্মকর্তারা জানিয়েছেন, যেকোনো ধরনের সংঘাত মোকাবিলায় তারা এখন আরও অত্যাধুনিক অস্ত্র ও প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করছেন।
গত কয়েক মাস ধরে এই অঞ্চলে বড় ধরনের হামলা বন্ধ থাকলেও সম্প্রতি তা আবার শুরু হয়েছে। গত রোববার বাহরাইনে একটি ড্রোন হামলার দাবি করেছে ইরান। এর আগে গত শুক্রবারও বাহরাইনে ড্রোন ছোড়ে ইসলামিক প্রজাতন্ত্রটি। মূলত গত সেপ্টেম্বরের পর জ্বালানিসমৃদ্ধ উপসাগরীয় দেশগুলোর ওপর এটিই ছিল ইরানের প্রথম সরাসরি হামলা।
এমন পরিস্থিতিতে পরাশক্তিগুলোর মনোযোগ এখন এই যুদ্ধের দিকে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চলতি সপ্তাহে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে একটি ত্রিপক্ষীয় বৈঠকে বসতে যাচ্ছেন। গত শুক্রবার এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, শীর্ষ নেতাদের ওই আলোচনায় ইরান যুদ্ধ পরিস্থিতি নিয়েও কথা হবে।
