মুখ খুলছেন দিশা দীপ ফের রিমান্ডে

নিজস্ব ও আদালত প্রতিবেদক

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় নতুন তথ্য সামনে আসতে শুরু করেছে। এ ঘটনায় গ্রেপ্তার তাহসিফের বন্ধু আহমেদ শাহরিয়ার রেজা দীপকে মুখোমুখি জিজ্ঞাসাবাদে কিছু তথ্য দিয়েছেন আরেক আসামি জেরিকা তাসনিম দিশা। এদিকে দীপকে জিজ্ঞাসাবাদের জন্য ফের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল চার দিনের রিমান্ড শেষে দীপকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা ও নৌ পুলিশের টঙ্গী ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন সাত দিনের রিমান্ডের আবেদন করেন।

অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিলের পাশাপাশি জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মো. হাসান শাহাদাত জামিন আবেদন নামঞ্জুর করে দীপের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে শনিবার একই মামলায় দীপের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত। সেই রিমান্ডে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য যাচাই এবং হত্যাকাণ্ডের সঙ্গে তার সংশ্লিষ্টতা সম্পর্কে আরও তথ্য জানতে পুনরায় রিমান্ডের আবেদন করা হয়।

রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, তথ্যপ্রযুক্তি ও গোপন তথ্য বিশ্লেষণে দেখা গেছে- ঘটনার দিন নিহত তাহসিফকে সঙ্গে নিয়ে টঙ্গী পশ্চিম থানার মাজার বস্তিতে গিয়েছিলেন দীপ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীপ স্বীকার করেছেন, তাহসিফ তার সিনিয়র বড় ভাই ছিলেন। তদন্তে এ হত্যাকাণ্ডের সঙ্গে দীপের প্রত্যক্ষ সম্পৃক্ততার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে।

এদিকে তাহসিফের মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার জেরিকা তাসনিম দিশাকে নিয়েও তদন্তে নতুন করে গুরুত্ব দিচ্ছে পুলিশ। মুখোমুখি জিজ্ঞাসাবাদে তিনি কিছু তথ্য দিতে শুরু করেছেন বলে জানা গেছে।

তদন্ত সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, দিশার দেওয়া তথ্য এবং দীপের বক্তব্য মিলিয়ে দেখলে তাহসিফের মৃত্যুর আগে কী ঘটেছিল, সে বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে।

গত ২৭ অক্টোবর সন্ধ্যায় জুনিয়র বন্ধু দীপের ডাকে উত্তরার বাসা থেকে বের হন তাহসিফ সৌরি। এরপর থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। রাতে বাসায় না ফেরায় পরিবারের সদস্যরা তাঁর সঙ্গে যোগাযোগ করেন। তখন তাহসিফ কিছুক্ষণের মধ্যে বাসায় ফেরার কথা জানান।

সর্বশেষ রাত ১টা ৩৫ মিনিটে মায়ের মেসেঞ্জারে একটি ভয়েস মেসেজ পাঠান তাহসিফ। সেখানে তিনি বলেন, ‘রওনা দিয়েছি, আসছি।’ এরপর থেকে তার মোবাইলফোন বন্ধ পাওয়া যায়। পরদিন ২৮ অক্টোবর বিকালে উত্তরখানের রাজাবাড়ী ঘাট এলাকায় তুরাগ নদ থেকে তাহসিফের লাশ উদ্ধার করে নৌপুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights