যশোরে নসিমন চোর সন্দেহে গণপিটুনিতে নিহত ১

নিজস্ব প্রতিবেদক, যশোর
যশোর সদর উপজেলার চান্দুটিয়া গ্রামে নসিমন চুরির অভিযোগে গণপিটুনিতে মিজানুর রহমান (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। একই ঘটনায় কচুরিপানা ভর্তি খালের পানিতে পড়ে বিল্লাল (৪০) নামে আরেকজন নিখোঁজ আছেন। এছাড়া, মনিরুজ্জামান (৪৬) নামে একজনকে আটক যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

শনিবার দিবাগত মধ্যরাতের পরে এ ঘটনা ঘটে। নিহত মিজানুর ঝিকরগাছা উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের খায়রুলের ছেলে।

স্থানীয়রা জানায়, শনিবার রাতে তিনজন ব্যক্তি নসিমন চুরি করে পালানোর সময় গ্রামবাসী তাদের ধাওয়া করলে তারা চান্দুটিয়া স্লুইস খালের দিকে পালানোর চেষ্টা করেন। এ সময় গ্রামবাসী মিজানুর নামে একজনকে ধরে গণপিটুনি দেয়। মনিরুজ্জামান ও বিল্লাল নামে দুইজন খালের পানিতে লাফ দেন। সেখান থেকে মনিরুজ্জামানকে উদ্ধার করা হলেও বিল্লালকে খুঁজে পাওয়া যায়নি।

যশোর সেনানিবাস ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আজিজুল ইসলাম জানান, পুলিশের কাছ থেকে খবর পেয়ে তারা নিখোঁজ বিল্লালকে উদ্ধারে অভিযান শুরু করেছেন। স্থানীয়দের তথ্য অনুযায়ী, বিল্লাল কচুরিপানার মধ্যে ঝাঁপ দিয়েছিলেন। কচুরিপানা সরিয়ে তাকে খোঁজা হচ্ছে।

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, রাত একটা থেকে দুইটার মধ্যে চান্দুটিয়া বাজারে ঘটনাটি ঘটে। তিনজন নসিমন নিয়ে বাজারের রাস্তা দিয়ে যাচ্ছিলেন। স্থানীয়দের সন্দেহ হলে জিজ্ঞাসাবাদে তারা অসংলগ্ন উত্তর দেন। তখন দুজনকে ধরে গণপিটুনি দেওয়া হয়। অন্য একজন কচুরিপানাভর্তি পাশের খালে ঝাঁপ দেন।

ওসি আরও জানান, সকালে পুলিশ গিয়ে গুরুতর আহত দুজনকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা মিজানুরকে মৃত ঘোষণা করেন। অপর আহত মনিরুজ্জামানকে আটক দেখিয়ে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ওসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights