শীতে গরম পানিতে গোসল ভালো না খারাপ?

অনলাইন ডেস্ক

শীতের সকালে বিছানা ছেড়ে ওঠাই কঠিন, তার ওপর ঠান্ডা পানিতে গোসলের কথা ভাবতেই যেন গায়ে কাঁটা দেয়। তাই শীত এলেই অনেকের প্রথম পছন্দ গরম পানি। কেউ গোসল করেন কুসুম গরম পানিতে, আবার কেউ স্বস্তি খুঁজতে ব্যবহার করেন বেশ গরম পানি। এতে শরীর আরাম পেলেও ত্বক ও চুলের জন্য তৈরি হতে পারে নানা সমস্যা। চলুন জেনে নেওয়া যাক শীতে গরম পানিতে গোসল করা কতটা ভালো আর কতটা খারাপ।

বিশেষজ্ঞদের মতে, শীতকালে গোসলের জন্য খুব গরম পানির পরিবর্তে কুসুম গরম পানি ব্যবহার করাই ভালো। এতে শরীরের আরাম বজায় থাকে, পাশাপাশি অতিরিক্ত গরম পানির কারণে ত্বক ও চুলের ক্ষতি হওয়ার আশঙ্কাও কমে।

গরম পানিতে গোসলের যত উপকার

কুসুম গরম পানিতে গোসল করলে শরীরের পেশি কিছুটা শিথিল হয়। বিশেষ করে শীতের কারণে পেশিতে টান, অস্বস্তি কিংবা ব্যথা অনুভূত হলে উষ্ণ পানি সাময়িক স্বস্তি দিতে পারে। শরীরচর্চা বা শারীরিক পরিশ্রমের পরও এমন গোসল আরামদায়ক হতে পারে।

এছাড়া উষ্ণ পানির সংস্পর্শে রক্তনালিগুলো সাময়িকভাবে প্রসারিত হতে পারে। ফলে রক্তপ্রবাহে পরিবর্তন আসে এবং শরীরে আরাম অনুভূত হয়।

সর্দি, নাক বন্ধ থাকা কিংবা সাইনাসের অস্বস্তিতে উষ্ণ পানির গোসল কিছুটা স্বস্তি দিতে পারে। গোসলের সময় তৈরি হওয়া জলীয় বাষ্প নাকের বন্ধভাব কমাতে সহায়তা করতে পারে। তবে এটি সর্দি-কাশির চিকিৎসা নয়।

অতিরিক্ত গরম পানিতে যত বিপদ

শীতের দিনে গরম পানিতে গোসল আরামদায়ক হলেও অতিরিক্ত গরম পানি ত্বকের জন্য ক্ষতিকর হতে পারে। বিশেষ করে দীর্ঘ সময় ধরে গরম পানিতে গোসল করলে ত্বকের স্বাভাবিক আর্দ্রতা ও সুরক্ষামূলক তৈলাক্ত স্তর নষ্ট হতে পারে। ফলে ত্বক হয়ে পড়ে শুষ্ক, রুক্ষ ও চুলকানিপ্রবণ।

যাঁদের আগে থেকেই একজিমা বা অন্যান্য চর্মরোগ রয়েছে, তাদের ক্ষেত্রে অতিরিক্ত গরম পানি সমস্যা বাড়িয়ে দিতে পারে। ত্বকে লালচে ভাব, জ্বালাপোড়া ও চুলকানিও দেখা দিতে পারে।

শুধু ত্বক নয়, চুলের ওপরও প্রভাব ফেলে অতিরিক্ত গরম পানি। এতে চুলের স্বাভাবিক আর্দ্রতা কমে যেতে পারে। মাথার ত্বক শুষ্ক হয়ে খুশকি ও চুলকানির সমস্যা বাড়তে পারে। এ ছাড়া খুব গরম পানিতে গোসল করলে ত্বক পুড়ে যাওয়ার ঝুঁকিও থাকে।

গোসলের পানির তাপমাত্রা কেমন হওয়া উচিত?

শীতকালে গোসলের জন্য আরামদায়ক কুসুম গরম পানি বেছে নেওয়া ভালো। সাধারণভাবে শরীরের জন্য সহনীয় উষ্ণ পানি ব্যবহার করা উচিত। পানি যেন ত্বকে অস্বস্তি, জ্বালাপোড়া বা লালচে ভাব তৈরি না করে, সেদিকে খেয়াল রাখতে হবে। শিশু ও বয়স্কদের ক্ষেত্রে পানির তাপমাত্রা যাচাই করা বিশেষ জরুরি।

গোসলের পর ত্বক ও চুলের যত্ন

গোসলের পরপরই ত্বকের আর্দ্রতা ধরে রাখতে কিছু নিয়ম মেনে চলা প্রয়োজন।

১. গোসল শেষে তোয়ালে দিয়ে শরীর আলতোভাবে মুছে ত্বক সামান্য ভেজা থাকতেই ময়েশ্চারাইজার ব্যবহার করুন।
২. মুখের ত্বকের জন্য উপযোগী ময়েশ্চারাইজিং ক্রিম ব্যবহার করুন।
৩. ত্বক বেশি শুষ্ক হলে গ্লিসারিনযুক্ত বা ঘন ময়েশ্চারাইজার ব্যবহার করতে পারেন।
৪. চুল ধোয়ার সময় অতিরিক্ত গরম পানি এড়িয়ে চলুন। প্রয়োজনে স্বাভাবিক তাপমাত্রার পানি ব্যবহার করুন।
৫. চুলের শুষ্কতা কমাতে আর্দ্রতা ধরে রাখতে সহায়ক শ্যাম্পু ও কন্ডিশনার ব্যবহার করুন।
৬. দীর্ঘ সময় ধরে গরম পানিতে গোসল না করে অল্প সময়ের মধ্যে গোসল শেষ করুন।

শীতে গোসলের সময় যে ভুলগুলো এড়িয়ে চলবেন

অনেকে মনে করেন, পানি যত গরম হবে শরীর তত বেশি পরিষ্কার ও আরামদায়ক থাকবে। ধারণাটি ঠিক নয়। অতিরিক্ত গরম পানি ত্বকের স্বাভাবিক সুরক্ষা নষ্ট করতে পারে। আবার গোসলের সময় বেশি সাবান ব্যবহার এবং শরীর জোরে ঘষে পরিষ্কার করলেও ত্বকের শুষ্কতা বাড়তে পারে।

সূত্র: আনন্দবাজার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights