সন্ত্রাস চাঁদাবাজিতে খুলনায় আতঙ্ক

সামছুজ্জামান শাহীন, খুলনা

খুলনায় অব্যাহত চাঁদাবাজি, হামলা-ভাঙচুরের ঘটনায় জনমনে উদ্বেগ ছড়িয়েছে। দুই সপ্তাহে নগরীতে চারটি ডায়াগনস্টিক সেন্টার ভাঙচুর ও একাধিক চিকিৎসক-ব্যবসায়ীর ওপর চাঁদা দাবিতে হুমকির অভিযোগ পাওয়া গেছে। মেয়ের জন্য খাবার কিনতে গিয়ে শিক্ষা অফিসের হিসাবরক্ষক গুলিবিদ্ধের ঘটনা নতুনভাবে আতঙ্ক তৈরি হয়েছে। ভয়ে থানায় অভিযোগ বা মামলা দায়েরও করেননি কেউ। অভিযোগ উঠেছে, সিসিটিভি ফুটেজে হামলাকারী শনাক্ত হলেও পুলিশ গ্রেপ্তার করেনি। এদিকে প্রশাসন কঠোর না হলে রাজনৈতিক চাঁদাবাজি সন্ত্রাস মোকাবিলায় বিএনপি মাঠে নামবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল। সেই সঙ্গে চাঁদাবাজি, ভাঙচুরের প্রতিবাদে আজ বেলা ১১টায় নগরের সাতরাস্তা মোড়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ ডেকেছেন জাতীয়তাবাদী চিকিৎসক-নার্স-কর্মকর্তা-কর্মচারীরা।

জানা যায়, চাঁদার দাবিতে ২৪ অক্টোবর বাবু খান রোডের সন্ধানী ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার ভাঙচুর করে সন্ত্রাসীরা। একই কারণে ৩ নভেম্বর শামসুর রাহমান রোডে রংধনু ক্লিনিক ও আবদুল্লাহ প্যাথলজি ভাঙচুর করা হয়। সর্বশেষ ৭ নভেম্বর খানজাহান আলী রোডে এ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টারে চাঁদার দাবিতে হামলা চালায় দুর্বৃত্তরা। এ ছাড়া টুটপাড়া সেন্ট্রাল রোডের চয়নিকা ফার্মেসির ব্যবস্থাপককে মোবাইল ফোনে হুমকির পর থেকে প্রতিষ্ঠানটি বন্ধ রাখা হয়েছে। ৮ নভেম্বর খুলনা মেডিকেলের উপপরিচালক ডা. সুজাত আহমেদের কাছে চাঁদা চেয়ে মোবাইলে মেসেজ পাঠানো হয়েছে। টাকা না দিলে ভিন্ন ব্যবস্থা নেওয়ার হুমকি দেওয়া হয়।

মেয়ের জন্য খাবার কিনতে গিয়ে গুলিবিদ্ধ : খুলনায় দুর্বৃত্তদের ছোড়া গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে রূপসা উপজেলা শিক্ষা অফিসের হিসাবরক্ষক মশিউর রহমান (৫৮) বিদ্ধ হয়েছেন। রবিবার রাত ৮টার দিকে নগরীর মিয়াপাড়া এলাকার কেন্দ্রীয় জামে মসজিদের পাশে হাসানের চায়ের দোকানের সামনে এ ঘটনা ঘটে। আহত মশিউর রহমান জানান, মেয়ের জন্য খাবার কিনতে মিয়াপাড়া থেকে পিটিআই মোড়ে যাচ্ছিলেন তিনি। পথে হাসানের চায়ের দোকানের সামনে পৌঁছালে তিনজন ব্যক্তিকে দেখতে পান। এ সময় দুর্বৃত্তরা অন্য কাউকে লক্ষ্য করে গুলি ছোড়ে। তবে সেই গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে তার বাম পাঁজরের নিচে লাগে। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন জানান, কারা কী উদ্দেশ্যে গুলি করেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে।

সচেতন নাগরিকদের সংগঠন খুলনা নাগরিক সমাজের সদস্যসচিব বাবুল হাওলাদার বলেন, খুলনার প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে চাঁদাবাজি, একের পর হামলা, ভাঙচুরে আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে। সন্ত্রাস-অপরাধ করে পার পেয়ে যাওয়া, দ্রুত জামিন পেয়ে পুনরায় অপরাধে জড়িয়ে আরও বেপরোয়া হয়ে উঠেছে সন্ত্রাসীরা। উদ্ভূত পরিস্থিতিতে ক্ষোভ প্রকাশ করে জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল বলেন, সন্ত্রাসের দৌরাত্ম্য বন্ধে প্রশাসন কঠোর না হলে পরিস্থিতি মোকাবিলায় বিএনপি মাঠে নামবে। তিনি বলেন, সন্ত্রাসীরা ব্যবসায়ীদের হয়রানি করছে, প্রতিষ্ঠান ভাঙচুর করছে। এখানে মামলা লাগবে তাহলে পুলিশ আছে কেন? কে মামলা করবে? ভয়-আতঙ্কে কেউ মামলা করছে না। তাহলে কি সন্ত্রাসীরা পার পেয়ে যাবে? এটা হতে পারে কখনো?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights