সম্মিলিত প্রচেষ্টায় আসন্ন দুর্গাপূজা নিরাপদে উদযাপন হবে: প্রতিমন্ত্রী টুকু
সাভার (ঢাকা) প্রতিনিধি
সম্মিলিত প্রচেষ্টায় আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর ও নিরাপদে উদযাপন করা হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
বুধবার বিকেলে সাভার উপজেলা পরিষদ হলরুমে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে হিন্দু সম্প্রদায়ের নেতাদের সঙ্গে ঢাকা জেলা পুলিশের মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, বর্তমান গণতান্ত্রিক সরকারের সময়ে এবারই প্রথম শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে। সাভার ও আশুলিয়ার প্রতিটি পূজামণ্ডপে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে ঢাকা জেলা পুলিশকে সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।
তিনি বলেন, মহালয়া থেকে শুরু করে পূজা চলাকালীন এবং প্রতিমা বিসর্জন পর্যন্ত পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা নেয়া হয়েছে। প্রতিটি মণ্ডপে সিসিটিভি ক্যামেরা থাকবে। দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তারা বডিওর্ন ক্যামেরা ব্যবহার করে দায়িত্ব পালন করবেন। পাশাপাশি সাদা পোশাকে পুলিশের সদস্যদের মোতায়েনের পাশাপাশি সোয়াট, ক্রাইসিস রেসপন্স টিম, কুইক রেসপন্স টিম, ক্রাইম সিন ভ্যান ও বোম্ব ডিসপোজাল ইউনিট প্রস্তুত থাকবে।
পূজা উদযাপন পরিষদের নেতাদের উদ্দেশে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, মণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে আপনাদেরও সচেষ্ট থাকতে হবে। পূজা কমিটির সদস্য, স্বেচ্ছাসেবক ও দর্শনার্থী—সবার ওপর নজর রাখতে হবে। কোনো জরুরি পরিস্থিতি তৈরি হলে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল অথবা সংশ্লিষ্ট থানায় যোগাযোগ করতে হবে।
তিনি আরও বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় আসন্ন দুর্গাপূজা উৎসবমুখর ও নিরাপদে উদযাপন করা সম্ভব হবে।
সভায় ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু বক্তব্য দেন। ঢাকা জেলা প্রশাসক মিজ ফরিদা খানমের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) রফিকুল ইসলাম ইসানসহ পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা।
সভায় জানানো হয়, সাভার ও আশুলিয়ায় এবার মোট ২৩৪ টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। সাভার ১৩০ ও
আশুলিয়াতে ১০৪টি এর মধ্যে অতি গুরুত্বপূর্ণ ৩৫টি চিহ্নিত করা হয়েছে। পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা নিশ্চিতে পোশাকধারী পুলিশ, সাদা পোশাকে পুলিশ ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করবেন।
