সরাইলে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণে জড়িতদের ফাঁসির দাবি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের বাড়িউড়া উত্তর পাড়ায় ১৪ বছরের এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় জড়িতদের ফাঁসির দাবিতে উত্তাল হয়ে উঠেছে এলাকা। মঙ্গলবার সকাল ১০টায় উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের বাড়িউড়া বাজারে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, গত ৭ অক্টোবর সরাইল উপজেলার বাড়িউড়া এলাকার একটি মাদ্রাসার মাঠ থেকে ওই কিশোরীকে কৌশলে তুলে নিয়ে ছয়জন মিলে পাশবিক নির্যাতন চালায়। ইতোমধ্যে পুলিশ এজাহারনামীয় দুই আসামি নাইম হোসেন ও বাহার মিয়াকে গ্রেফতার করলেও ঘটনার সাথে জড়িত বাকি ৪ আসামি এখনো অধরাই রয়ে গেছে। বক্তারা অবিলম্বে পলাতক বাকি আসামিদের দ্রুত গ্রেফতার করে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি ফাঁসি কার্যকর করার জোর দাবি জানান।

মানববন্ধনে বক্তব্য রাখেন নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুনসুর আহমদ, ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি আমিরুল ইসলাম মুন্সি, বাড়িউড়া এবতেদায়ী মাদ্রাসার শিক্ষক সাইফুল ইসলাম, আলী আকবর সরদার এবং হাফেজ মাওলানা আফসার উদ্দিনসহ আরও অনেকে।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনজুর কাদের ভূঁইয়া জানান, কিশোরী ধর্ষণের ঘটনায় মামলা দায়েরের পর পুলিশ তৎপর রয়েছে। ইতোমধ্যে মূল দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। মামলার বাকি আসামিদের অবস্থান শনাক্ত করে তাদের দ্রুত গ্রেফতারের জন্য পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, ৭ অক্টোবর সংঘবদ্ধ ধর্ষণের ঘটনার পর গত শনিবার রাতে ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে সরাইল থানায় ৬ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকেই আসামিদের গ্রেফতারে অভিযান শুরু করে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights