কৃষকের কাছ থেকে সরাসরি ধান কিনবে সরকার: খাদ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

কৃষকের উৎপাদিত ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরাসরি কৃষকের কাছ থেকে ধান কিনবে সরকার। এ লক্ষ্যে প্রাথমিকভাবে তিন জেলায় পরীক্ষামূলকভাবে এই কার্যক্রম চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রকল্পটি সফল হলে পর্যায়ক্রমে দেশের অন্যান্য জেলাতেও সম্প্রসারণ করা হবে।

সোমবার চট্টগ্রাম সার্কিট হাউসের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও খাদ্য বিভাগের আয়োজনে খাদ্য বিভাগের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে খাদ্যমন্ত্রী আফরোজা খানম এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, কৃষকরা যাতে বিনা হয়রানিতে সরকারের কাছে ধান বিক্রি করতে পারেন, সেজন্য সংগ্রহ প্রক্রিয়াও সহজ করা হবে। ব্যাংক হিসাব খোলা ও প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে গিয়ে কৃষকরা যেসব সমস্যার মুখোমুখি হন, সেগুলো বিবেচনায় নেওয়া হবে। প্রয়োজনে মোবাইল ব্যাংকিং সেবার মাধ্যমে ধানের মূল্য পরিশোধের বিষয়টিও বিবেচনা করা হবে।

খাদ্যশস্য সংগ্রহ ও বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়ে খাদ্যমন্ত্রী বলেন, দেশের খাদ্যনিরাপত্তা বজায় রাখতে চাল ও গমের পর্যাপ্ত মজুত এবং গুণগতমান নিশ্চিত করা জরুরি। আমদানিসহ সব উৎস থেকে সংগ্রহ করা খাদ্যশস্য নির্ধারিত মান পূরণ করলেই গ্রহণ করতে হবে। এক্ষেত্রে মানের সাথে কোনো আপোস করা যাবে না।

চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মু. জসীম উদ্দিন খান ও অতিরিক্ত মহাপরিচালক জামাল হোসেন। এসময় খাদ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights