সোভিয়েত-পরবর্তী মিত্রদের ওপর নিয়ন্ত্রণ হারাচ্ছে রাশিয়া?
অনলাইন ডেস্ক
সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত দেশগুলোর ওপর রাশিয়ার প্রভাব ও নিয়ন্ত্রণ ক্রমেই চ্যালেঞ্জের মুখে পড়ছে। বিশেষ করে আর্মেনিয়ার সঙ্গে মস্কোর টানাপোড়েন এবং সামরিক জোটে দেশটির নিষ্ক্রিয় অবস্থান নতুন করে আলোচনায় এসেছে।
এ পরিস্থিতিতে বুধবার মস্কোয় রুশ নেতৃত্বাধীন সামরিক জোটের শীর্ষ সম্মেলনে রাশিয়ার প্রভাব কতটা অবশিষ্ট রয়েছে, তা নিয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষা হতে যাচ্ছে।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সভাপতিত্বে কালেকটিভ সিকিউরিটি ট্রিটি অর্গানাইজেশনের (সিএসটিও) কালেকটিভ সিকিউরিটি কাউন্সিলের বৈঠক অনুষ্ঠিত হবে। তবে ২০২৪ সালের ফেব্রুয়ারি থেকে জোটটির কার্যক্রমে অংশগ্রহণ স্থগিত রেখেছে আর্মেনিয়া।
সদস্যপদ বহাল থাকলেও আজারবাইজানের সঙ্গে যুদ্ধে জোটের কাছ থেকে প্রত্যাশিত সহযোগিতা না পাওয়ায় কার্যত সিএসটিও বয়কট করছে দেশটি। গত ৫ নভেম্বর আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান বলেছেন, সিএসটিও নিয়ে তাদের আগ্রহের অবসান ঘটেছে।
২০২০ সালে নাগোরনো-কারাবাখ নিয়ে আজারবাইজানের সঙ্গে যুদ্ধে আর্মেনিয়ার পাশে দাঁড়ায়নি রাশিয়া কিংবা জোটের অন্য সদস্য বেলারুশ, কাজাখস্তান, কিরগিজস্তান ও তাজিকিস্তান। অথচ জোটের সনদে সদস্যদেশের ওপর হামলা হলে সামরিক সহায়তার বিধান রয়েছে। বিপরীতে রাশিয়ার কাছ থেকে বিপুল অস্ত্র কিনে এবং তুরস্ক ও ইসরায়েলের তৈরি ড্রোন ব্যবহার করে যুদ্ধে জয় পায় আজারবাইজান।
বিশ্লেষকদের মতে, ইউক্রেন যুদ্ধ এবং পশ্চিমা নিষেধাজ্ঞায় চাপে থাকা রাশিয়ার দুর্বলতার সুযোগ নিচ্ছে সাবেক সোভিয়েতভুক্ত দেশগুলো।
লন্ডনভিত্তিক সেন্ট্রাল এশিয়া ডিউ ডিলিজেন্সের প্রধান আলিশার ইলখামভের মতে, ইউক্রেন যুদ্ধ রাশিয়াকে ব্যস্ত ও দুর্বল করে রাখায় মস্কোর বিরোধিতা করার ক্ষেত্রে আর্মেনিয়া তুলনামূলক সুবিধাজনক অবস্থানে রয়েছে।
এদিকে মধ্য এশিয়া ও দক্ষিণ ককেশাসের দেশগুলো রাশিয়ার বাইরে নতুন সামরিক সহযোগিতার ক্ষেত্র তৈরি করছে। তুরস্কের নেতৃত্বাধীন অর্গানাইজেশন অব তুর্কিক স্টেটসের আওতায় আজারবাইজানসহ মধ্য এশিয়ার কয়েকটি দেশ যৌথ সামরিক মহড়ায় অংশ নিচ্ছে।
গত সেপ্টেম্বর নাগোরনো-কারাবাখ ও কাস্পিয়ান সাগর উপকূলে তুরস্ক, আজারবাইজান ও উজবেকিস্তানের সেনারা মহড়া চালায়। অক্টোবরে পাঁচটি মধ্য এশীয় ও ককেশীয় দেশও যৌথ সামরিক মহড়া করে।
উজবেকিস্তানকে সিএসটিওতে ফিরিয়ে আনতেও ব্যর্থ হয়েছে মস্কো। দেশটি ২০১২ সালে জোটের সদস্যপদ স্থগিত করে পর্যবেক্ষক রাষ্ট্রের অবস্থান বেছে নেয়।
তবে মস্কোর এবারের সম্মেলনে আফগানিস্তানের নিরাপত্তা পরিস্থিতি গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হতে পারে। রুশ কর্মকর্তাদের দাবি, আফগানিস্তানে ২০টির বেশি সশস্ত্র গোষ্ঠীর প্রায় ২৩ হাজার যোদ্ধা সক্রিয় রয়েছে।
বিশেষ করে আইএসের খোরাসান শাখা মধ্য এশিয়ার তরুণদের নিয়োগ করছে। ২০২৪ সালে মস্কোর একটি কনসার্ট হলে ভয়াবহ হামলার দায়ও স্বীকার করেছিল গোষ্ঠীটি। এ কারণে আফগানিস্তান-তাজিকিস্তান সীমান্তের নিরাপত্তা জোরদারে সিএসটিওভুক্ত দেশগুলো উদ্যোগ নিয়েছে।
বিশ্লেষকদের মতে, রাশিয়ার প্রভাব কমে আসার মধ্যেও আফগানিস্তান ঘিরে নিরাপত্তা উদ্বেগই মস্কো ও মধ্য এশিয়ার দেশগুলোর মধ্যে সহযোগিতার অন্যতম গুরুত্বপূর্ণ ক্ষেত্র হয়ে উঠেছে। সূত্র: আল-জাজিরা
