সৌন্দর্যের শহরে বিনোদন কেন্দ্রের অভাব

মিনহাজুল ইসলাম, বান্দরবান
প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি বান্দরবান। পাহাড়, নদী আর সবুজের সমারোহে সাজানো এ জেলায় পর্যটকদের আকর্ষণ থাকলেও স্থানীয় বাসিন্দাদের অবসর কাটানোর মতো পর্যাপ্ত বিনোদনকেন্দ্র নেই। সারা দিন কর্মব্যস্ততার পর পরিবার-পরিজন নিয়ে স্বল্প খরচে ঘুরে বেড়ানোর সুযোগ থেকেও বঞ্চিত হচ্ছেন শহরবাসী।

বান্দরবান শহর থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে মেঘলা ও নীলাচল পর্যটন কেন্দ্র থাকলেও যাতায়াত খরচ বেশি হওয়ায় নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের অনেকের পক্ষেই নিয়মিত সেখানে যাওয়া সম্ভব হয় না। অন্যদিকে সন্ধ্যার পর পর্যটন কেন্দ্রগুলো বন্ধ হয়ে যাওয়ায় বান্দরবানে বেড়াতে আসা পর্যটকদের জন্যও অবসর বিনোদনের তেমন কোনো ব্যবস্থা নেই। শহরের পৌরসভার শিশু পার্কটিও দীর্ঘদিনের অব্যবস্থাপনা ও পরিচর্যার অভাবে প্রায় ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে।

স্থানীয়দের দাবি, শহরের ভিতরে সহজ যাতায়াতের সুবিধাসহ নদীর তীরবর্তী কোনো উন্মুক্ত স্থানে নান্দনিক বিনোদনকেন্দ্র গড়ে তোলা হোক। যেখানে পরিবার-পরিজন নিয়ে স্বল্প খরচে সময় কাটানোর পাশাপাশি প্রকৃতির সৌন্দর্য উপভোগ করা যাবে। স্থানীয় বাসিন্দা জেসমিন বলেন, নদীর তীর ঘেঁষে উন্মুক্ত জায়গার ব্যবস্থা করা গেলে শহরবাসী সেখানে ঘুরতে যেতে পারবেন। সন্ধ্যার পর পরিবার নিয়ে ঘোরাঘুরির মতো কোনো জায়গা নেই। শিশু পার্কটির অবস্থাও অত্যন্ত হতাশাজনক। সেখানে কোনো পরিচর্যা নেই। এ বিষয়ে বান্দরবান পৌরসভার প্রশাসক এস এম মনজুরুল হক বলেন, শিশু পার্কটিকে আরও সমৃদ্ধ করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি পার্কের পাশে একটি মাল্টিপারপাস ভবন নির্মাণের পরিকল্পনা করা হচ্ছে। সেখানে শপিং, কমিউনিটি সেন্টার, ছাদে রেস্টুরেন্ট ও খেলাধুলার ব্যবস্থা থাকবে। এ ছাড়া নদীর তীরবর্তী এলাকায় একটি ভিউ পয়েন্ট তৈরির পরিকল্পনাও রয়েছে। তবে এ বিষয়ে জেলা পরিষদের সহযোগিতা চান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights