হাবিপ্রবির আয়োজনে বিনামূল্যে ভেটেরিনারি ক্যাম্প অনুষ্ঠিত
আব্দুস সালাম, দিনাজপুর প্রতিনিধি :
১৬ নভেম্বর ২০২৬ খ্রি. হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ভেটেরিনারি টিচিং হাসপাতালের আয়োজনে ভ্রাম্যমাণ ভেটেরিনারি ক্লিনিক এর মাধ্যমে বিনামূল্যে ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। দিনাজপুর সদর উপজেলার মহব্বতপুর দারুল উলুম মাদ্রাসা সংলগ্ন ঈদগাহ মাঠে সকাল ৮ ঘটিকা থেকে দুপুর ১ ঘটিকা পর্যন্ত এই ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত ক্যাম্পের শুভ উদ্বোধন করেন হাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যা। ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্স অনুষদের ডীন প্রফেসর ড. রকিবুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত ফ্রি মেডিকেল ক্যাম্পে উপস্থিত ছিলেন রেজিস্ট্রার প্রফেসর ড. মো. আবু হাসান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. এস এম এমদাদুল হাসান, ভেটেরিনারি টিচিং হাসপাতালের সাবেক পরিচালক প্রফেসর ড. এস এম হারুন-উর-রশীদ. ভেটেরিনারি টিচিং হাসপাতালের বিশেষজ্ঞ সদস্য প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল ইসলাম, প্রফেসর ড. মো. ফারুক ইসলাম এবং ভেটেরিনারি সার্জনসহ অন্যান্য শিক্ষক-কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভেটেরিনারি টিচিং হাসপাতালের পরিচালক প্রফেসর ড. মো. খালেদ হোসেন। এছাড়াও দুজন সিনিয়র হাউজ সার্জন এবং একজন ফার্ম সুপারভাইজারসহ ভেটেরিনারি অ্যান্ড এনিম্যাল সায়েন্স অনুষদের শেষ বর্ষের শিক্ষার্থীরা ভেটেরিনারি মেডিকেল ক্যাম্পে অংশগ্রহণ ও চিকিৎসা সেবা প্রদান করেন।
প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যা বলেন, গ্রামের সাধারণ কৃষক পর্যায়ের পশু পালনের ক্ষেত্রে সার্বিক পরামর্শ ও চিকিৎসা সেবা দোড়গোরায় পৌঁছে দেয়ার লক্ষে আজকের এ আয়োজন। যেহেতু গ্রামের প্রান্তিক পর্যায়ের কৃষকরাই দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি তাই, তাদের প্রতি আমাদের অনেক দায়বদ্ধতা রয়েছে। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, তোমরা এই কর্মসূচীতে অংশগ্রহণ করে কৃষকদের সাথে কথা বলে গবাদি পশুর রোগবালাই সম্পর্কে ধারণা লাভ করতে পারবে এবং সমস্যাগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় চিকিৎসা সেবা দিতে সক্ষম হবে। তিনি আরও বলেন, দেশের মানুষের আমিষের চাহিদা পূরণে আমাদের কৃষকরা অগ্রণী ভূমিকা পালন করছেন। তাই তারা আমাদের কাছে অত্যন্ত সম্মানিত। ভিসি মহোদয় উপস্থিত কৃষকদের উদ্দেশ্যে বলেন, আপনাদের গবাদি পশু, হাঁস-মুরগীর লালন-পালন এবং স্বাস্থ্য সেবার জন্য আমাদের বিশ্ববিদ্যালয়ের দরজা সব সময় খোলা আছে। তাই, যে কোন সমস্যায় আপনারা কোন দ্বিধা না রেখে আমাদের কাছে চলে আসবেন অথবা যোগাযোগ করবেন। আমরা সাধ্যমত চিকিৎসা সেবা দিতে সর্বদা প্রস্তুত আছি। আমরা আশাকরি প্রতিমাসে এ ধরনের কর্মসূচীর আয়োজন করতে পারবো। পরিশেষে, তিনি এ ধরণের উদ্যোগ গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
উল্লেখ্য, আজকে এ কর্মসূচীর মাধ্যমে কৃষকদের ২৫০ টি গরু, ৩০০টি ছাগল এবং ৬০টি হাঁস ও মুরগী, ৭০টি ভেড়া ও ৪টি বিড়াল এবং গবাদি পশুর ৩টি ফার্ম পরিদর্শন করেন যার মধ্যে যথাক্রমে ৬০টি গরু, ৪০টি গরু এবং ১৫০টি গাড়লের স্বাস্থ্য পরীক্ষা ও পরামর্শ প্রদানসহ, বিভিন্ন রোগের টিকা, রুচিবর্ধক ঔষধ, ভিটামিন ট্যাবলেট ও ইনজেকশন বিনামূল্যে প্রদান করা হয়।
