হুতির হামলার ক্ষতিগ্রস্ত রিয়াদের সর্বোচ্চ ভবন

অনলাইন ডেস্ক

ইরান-সমর্থিত ইয়েমেনি বিদ্রোহী গোষ্ঠী হুতির হামলায় সৌদি আরবের রাজধানী রিয়াদের সর্বোচ্চ আকাশচুম্বী ভবনটি ক্ষতিগ্রস্ত হয়েছে। বৃহস্পতিবারের এই হামলায় সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিলের সদর দপ্তরে আঘাত হানা হয়। হুতির সঙ্গে চলমান যুদ্ধে এটি সৌদি আরবের জন্য সর্বশেষ বড় ধাক্কা।

সৌদি রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএ-র বরাতে দেশটির বেসামরিক প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে, রিয়াদের বাণিজ্যিক বা আর্থিক কেন্দ্রের একটি টাওয়ারে হুতিদের হামলায় ভবনটির বেশ কয়েকটি তলা এবং আশপাশের ভবনগুলোর অবকাঠামোগত ক্ষতি হয়েছে। তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বিবৃতিতে ভবনটির নাম উল্লেখ করা না হলেও এসপিএ-র প্রকাশিত ছবিতে এটিকে পিআইএফ টাওয়ার হিসেবেই দেখা গেছে।

এদিকে হুতি গোষ্ঠী জানিয়েছে, তারা বৃহস্পতিবার দুই দফায় রিয়াদের আর্থিক কেন্দ্রে হামলা চালিয়েছে; প্রথমটি ভোরে এবং দ্বিতীয়টি সন্ধ্যায়। এছাড়াও রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর, দক্ষিণ সৌদি আরবের খামিস মুশাইত বিমানঘাঁটি এবং পূর্বাঞ্চলীয় প্রদেশ জুবাইলের সাদাফ পেট্রোকেমিক্যাল কোম্পানিতে হামলা চালানোর দাবি করেছে তারা। তবে এসব হামলার বিষয়ে সৌদি আরবের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো নিশ্চিতকরণ পাওয়া যায়নি।

হুতির এই হামলার পর সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং নাগরিক ও জাতীয় সম্পদের সুরক্ষায় প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়ার অধিকার তারা সংরক্ষণ করে।

এই হামলায় পিআইএফ টাওয়ারের সাত থেকে আটটি তলার জানালার কাঁচ উড়ে গেছে এবং ভবনের ধাতব বহিরাবরণের কিছু অংশ দুমড়ে-মুচড়ে গেছে। গত দুই সপ্তাহেরও কম সময়ের মধ্যে রিয়াদের আর্থিক জেলায় হুতির হামলায় কোনো গুরুত্বপূর্ণ স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ার এটি দ্বিতীয় ঘটনা। এর আগে গত ৮ নভেম্বর রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর একটি ভবনে হামলা চালানো হয়েছিল। সবশেষ হামলার পর কিং আবদুল্লাহ ফিন্যান্সিয়াল ডিস্ট্রিক্ট দর্শনার্থীদের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে।

সূত্র: রয়টার্স

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights