হৃৎপিণ্ডের রক্তনালী ছিঁড়ে সাবেক রাগবি তারকার মৃত্যু
অনলাইন ডেস্ক
ফ্রান্সে চ্যাম্পিয়ন্স কাপের ম্যাচের আগে দলের হোটেলে মৃত অবস্থায় পাওয়া দক্ষিণ আফ্রিকান রাগবি খেলোয়াড় হাইরন অ্যান্ড্রুজের মৃত্যুর কারণ জানা গেছে। ময়নাতদন্তে দেখা গেছে, হৃদযন্ত্র থেকে শরীরের বিভিন্ন অংশে রক্ত বহনকারী প্রধান ধমনি অ্যাওর্টায় চিড় ধরেছিল। এর ফলে হৃদ্যন্ত্রকে ঘিরে থাকা পেশিবেষ্টিত থলিতে রক্ত জমা হয় এবং তার মৃত্যু ঘটে।
৩১ বছর বয়সী অ্যান্ড্রুজ ইংলিশ ক্লাব সেইলের সাবেক দ্বিতীয় সারির খেলোয়াড় ছিলেন। চলতি গ্রীষ্মে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গভিত্তিক ক্লাব লায়ন্সে যোগ দেন তিনি। শনিবার ফ্রান্সে চ্যাম্পিয়ন্স কাপের ম্যাচের আগে নতুন দলের হোটেলের একটি শাওয়ার কিউবিকলে তাকে অচেতন অবস্থায় পাওয়া যায়। পরে তার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়।
প্রাথমিকভাবে তদন্তকারীরা ধারণা করেছিলেন, অ্যান্ড্রুজ হয়তো পড়ে গিয়ে, হৃদরোগে আক্রান্ত হয়ে কিংবা রক্তনালিতে অস্বাভাবিক স্ফীতি তৈরি হওয়ার পর সেটি ফেটে যাওয়ার কারণে মারা গেছেন। ময়নাতদন্তে শেষের কারণটিই নিশ্চিত হয়েছে। চিকিৎসাবিজ্ঞানে এ ধরনের পরিস্থিতিকে অ্যানিউরিজমজনিত রক্তনালির ফাটল বলা হয়।
অ্যাওর্টায় ফাটল একটি বিরল ও অত্যন্ত বিপজ্জনক শারীরিক অবস্থা। শনাক্ত না হওয়া উচ্চ রক্তচাপ কিংবা জন্মগত ত্রুটির কারণে এ ধরনের সমস্যা দেখা দিতে পারে। তবে অ্যান্ড্রুজের ক্ষেত্রে ঠিক কী কারণে ধমনিতে ফাটল ধরেছিল, সে বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হয়নি।
এদিকে অ্যান্ড্রুজের মরদেহ এখনো তাঁর জন্মভূমি দক্ষিণ আফ্রিকায় ফিরিয়ে নেওয়া হয়নি। তার স্ত্রী মেইগলিন ও তাদের দুই ছোট ছেলেকে নিয়ে শোকের কঠিন সময় পার করছে পরিবারটি।
লায়ন্সের পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে অ্যান্ড্রুজের স্ত্রীর অনুরোধ তুলে ধরে বলা হয়েছে, মরদেহ দেশে ফিরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরুর এই কঠিন সময়ে পরিবারের প্রতি সম্মান দেখানো, তাদের ব্যক্তিগত পরিসর রক্ষা করা এবং ধৈর্য ধরার অনুরোধ জানানো হয়েছে।
অ্যান্ড্রুজের মৃত্যুর শোকের মধ্যেও শনিবার ফরাসি ক্লাব লা রোশেলের বিপক্ষে নির্ধারিত ম্যাচে মাঠে নামে লায়ন্স। তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে স্বাগতিক দলের সমর্থকেরা স্টেড মার্সেল-দেফলান্দ্রে প্রবেশের সময় লায়ন্সের খেলোয়াড়দের করতালি দিয়ে স্বাগত জানান। ম্যাচ শুরুর আগে এক মিনিট নীরবতা পালন করা হয়। এ সময় লায়ন্সের কয়েকজন খেলোয়াড়কে কান্নায় ভেঙে পড়তেও দেখা যায়।
অ্যান্ড্রুজের সাবেক ক্লাব সেইলও তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে। ক্লাবটির রাগবি পরিচালক অ্যালেক্স স্যান্ডারসন বলেন, দলের প্রত্যেকেই অ্যান্ড্রুজের সঙ্গে খেলতে এবং তার সান্নিধ্যে থাকতে ভালোবাসতেন।
মাত্র ৩১ বছর বয়সে অ্যান্ড্রুজের এমন আকস্মিক মৃত্যু রাগবি অঙ্গনে গভীর শোকের ছায়া ফেলেছে। তার পরিবার, সতীর্থ ও সাবেক ক্লাবের সদস্যরা এখন এই অপূরণীয় ক্ষতি কাটিয়ে ওঠার চেষ্টা করছেন।
