১৮৬০ হুতি যোদ্ধাকে ‘নিষ্ক্রিয়’ করার দাবি ইয়েমেনি সরকারি বাহিনীর
অনলাইন ডেস্ক
হুতি বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকা এলাকাগুলো পুনরুদ্ধারে বড় ধরনের পাল্টা অভিযান শুরুর পর থেকে ১৮৬০ জন হুতি যোদ্ধাকে ‘নিষ্ক্রিয়’ করার দাবি করেছে ইয়েমের সৌদি সমর্থিত সরকার। বৃহস্পতিবার ভোরে ইয়েমেনি সামরিক বাহিনীর একজন মুখপাত্র সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, চলমান ‘ডন অব ইয়েমেন’ অভিযানের অংশ হিসেবে কয়েকটি ফ্রন্টে হুতিদের সামরিক অবস্থান লক্ষ্য করে তারা ২১০৩টি ‘সুনির্দিষ্ট লক্ষ্যভিত্তিক অভিযান’ পরিচালনা করেছে।
সৌদি আরব সমর্থিত ইয়ামেন সরকার আরও জানিয়েছে, তাদের বাহিনী পশ্চিম তাইজ অঞ্চলের উপকূল পর্যবেক্ষণকারী কৌশলগত পাহাড়ি অবস্থানগুলো দখল করে নিয়েছে। ইয়েমেনের প্রেসিডেনশিয়াল লিডারশিপ কাউন্সিলের চেয়ারম্যান রশাদ আল-আলিমি গত রবিবার ইরান সমর্থিত গ্রুপটির নিয়ন্ত্রণ থেকে রাজধানী সানাসহ সমস্ত ভূখণ্ড পুনরুদ্ধারে এই ‘ডন অব ইয়ামেন’ অভিযান শুরুর ঘোষণা দেন। ২০১৪ সাল থেকে সানা হুতিদের নিয়ন্ত্রণে রয়েছে।
সাম্প্রতিক দিনগুলোতে ইয়েমেনের যুদ্ধ মূলত বাবেল মান্দেব প্রণালির আশপাশের এলাকাগুলোতে কেন্দ্রভূত হয়েছে। যুক্তরাষ্ট্র-ইসরায়েল বনাম ইরান যুদ্ধের কারণে প্রণালিটিতে বাণিজ্য সীমিত হয়ে পড়ার পর থেকে এই জ্বালানি রপ্তানি রুটটির গুরুত্ব আরও বহুগুণ বেড়ে গেছে। গত মাসে হুতিদের দখলে নেওয়া মোখা শহর এবং বাব আল-মান্দেব প্রণালীর নিকটের কৌশলগত এলাকাগুলো পুনরুদ্ধারে গত মঙ্গলবার একটি নতুন অভিযান শুরু করে ইয়েমেনি সরকার সমর্থিত যৌথ বাহিনী।
সূত্র: আল জাজিরা
