১৯ কোটি ৪ লাখ ডলারে বিক্রি হলো ভ্যান গগের চিত্রকর্ম

অনলাইন ডেস্ক

আইনি বিরোধ নিষ্পত্তির পর রেকর্ড ১৯ কোটি ৪ লাখ ডলারে বিক্রি হয়েছে প্রখ্যাত চিত্রশিল্পী ভিনসেন্ট ভ্যান গগের একটি চিত্রকর্ম। নিলাম প্রতিষ্ঠান সোথবিস জানিয়েছে, বুধবার ‘চেস্টনাট ট্রিজ ইন ব্লসম’ নামের এই চিত্রকর্মটি বিক্রি হয়। নাৎসি আমলে ছবিটি বিক্রি করে দেওয়া এক ইহুদি মালিকের উত্তরাধিকারীদের সঙ্গে বিক্রেতার বিরোধের জেরে এটি নিয়ে জটিলতা তৈরি হয়েছিল।

১৮৯০ সালে ফ্রান্সের ওভের-সুর-ওয়াজে বসে ছবিটি এঁকেছিলেন ডাচ পোস্ট-ইমপ্রেশনিস্ট শিল্পী ভ্যান গগ। নতুন এই দাম তার কোনো চিত্রকর্মের জন্য সর্বোচ্চ এবং চলতি মৌসুমে নিলামে বিক্রি হওয়া সবচেয়ে দামি শিল্পকর্ম। এর আগে ভ্যান গগের চিত্রকর্মের সর্বোচ্চ দাম ছিল ১১ কোটি ৭২ লাখ ডলার। ২০২২ সালের নভেম্বরে নিউইয়র্কের ক্রিস্টিস নিলামে তার ১৮৮৮ সালে আঁকা ‘অর্চার্ড উইথ সাইপ্রেসেস’ ওই দামে বিক্রি হয়েছিল।

সোথবিসের তথ্য অনুযায়ী, ১৯০৯ সালে প্যারিস থেকে ছবিটি কিনেছিলেন প্রভাবশালী জার্মান প্রকাশক স্যামুয়েল ফিশার। ১৯৩৬ সালে তার পরিবার এটি বিক্রি করে দেয়। পরবর্তী সময়ে ১৯৭৫ সালে ব্লাকিয়ের-আরিয়েতা পরিবার ছবিটি কেনে এবং অর্ধশতাব্দীর বেশি সময় ধরে এর মালিকানায় ছিল।

এর আগে ফিশারের উত্তরাধিকারীরা ছবিটি বিক্রির বিরোধিতা করেছিলেন। তাদের দাবি ছিল, নাৎসি শাসনামলে আর্থিক ক্ষতির মুখে পড়েই ফিশার পরিবার ছবিটি ছাড়তে বাধ্য হয়েছিল। তাদের বার্লিনভিত্তিক আইনজীবী গুনার শ্নাবেল সোথবিসের কাছে প্রমাণ দাবি করেন যে ছবিটি বাজারমূল্যে বিক্রি হয়েছিল এবং রাজনৈতিক পরিস্থিতি যা-ই হোক না কেন, পরিবারটি এটি বিক্রি করত।

তবে মঙ্গলবার সোথবিস জানায়, ব্লাকিয়ের-আরিয়েতা পরিবার এবং হেডউইগ ও স্যামুয়েল ফিশারের সব আইনি উত্তরাধিকারীর মধ্যে একটি সমঝোতা হয়েছে। এ বিষয়ে আইনজীবী শ্নাবেলের কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে সোথবিসের বরাতে ফিশার পরিবারের উত্তরাধিকারীরা জানিয়েছেন, সোথবিস ও ব্লাকিয়ের-আরিয়েতা পরিবারের সঙ্গে আস্থাপূর্ণ ও ন্যায্য আলোচনার জন্য তারা কৃতজ্ঞ। এর মাধ্যমে নাৎসি আমলে ফিশার পরিবারের দুর্ভোগের স্বীকৃতি মিলেছে এবং ন্যায়বিচারের জন্য গিসেলা বারম্যান ফিশারের সংগ্রাম সম্মানিত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights