২০২৬-২৭ অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়ে ৩.২ শতাংশ করল আইএমএফ

শাহেদ আলী ইরশাদ

বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের (এফওয়াই২৭) অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস আরও কমিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। সংস্থাটি চলতি বছরের জুলাইয়ে দেওয়া ৩ দশমিক ৫ শতাংশের পূর্বাভাস কমিয়ে এবার ৩ দশমিক ২ শতাংশে নামিয়েছে।

মঙ্গলবার ব্যাংককে আইএমএফ ও বিশ্বব্যাংক গ্রুপের ২০২৬ সালের বার্ষিক সভা উপলক্ষে প্রকাশিত ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক (ডব্লিউইও) প্রতিবেদনে এ পূর্বাভাস তুলে ধরা হয়।

একই সঙ্গে ২০২৬-২৭ অর্থবছরে বাংলাদেশে মূল্যস্ফীতি বেড়ে ১০ দশমিক ৯ শতাংশে দাঁড়াতে পারে বলে পূর্বাভাস দিয়েছে সংস্থাটি। গত এপ্রিলে প্রকাশিত পূর্বাভাসে মূল্যস্ফীতির হার ৬ শতাংশ ধরা হয়েছিল।

চলতি অর্থবছরের প্রথম তিন মাসে দেশে সার্বিক মূল্যস্ফীতির হার ছিল যথাক্রমে ৮ দশমিক ৩২, ৮ দশমিক ২৬ ও ৮ দশমিক ৩৪ শতাংশ।

আইএমএফের সর্বশেষ পূর্বাভাসের কয়েক দিন আগেই বাংলাদেশ নিয়ে অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়েছে বিশ্বব্যাংক ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।

গত ৬ অক্টোবর বিশ্বব্যাংক ২০২৬-২৭ অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধির পূর্বাভাস ৩ দশমিক ৪ শতাংশ নির্ধারণ করে। জ্বালানি ও ব্যাংক খাতের দুর্বলতা, বিনিয়োগে স্থবিরতা এবং অব্যাহত মূল্যস্ফীতির চাপকে অর্থনৈতিক কর্মকাণ্ডের গতি কমে যাওয়ার কারণ হিসেবে উল্লেখ করে সংস্থাটি।

বিশ্বব্যাংক চলতি অর্থবছরে মূল্যস্ফীতি ৮ দশমিক ৬ শতাংশে উচ্চ পর্যায়ে থাকতে পারে বলেও পূর্বাভাস দিয়েছে।

এর আগে গত সেপ্টেম্বরে ম্যানিলাভিত্তিক এডিবি ২০২৬-২৭ অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধির পূর্বাভাস আগের ৪ দশমিক ৫ শতাংশ থেকে কমিয়ে ৪ শতাংশ নির্ধারণ করে।

এডিবির এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক (এডিও), সেপ্টেম্বর ২০২৬ প্রতিবেদনে বলা হয়, জ্বালানি খাতে গুরুতর কাঠামোগত ঘাটতি, ব্যাংক খাতের সংকট এবং অব্যাহত মূল্যস্ফীতির চাপ ২০২৬-২৭ অর্থবছরেও বাংলাদেশের অর্থনৈতিক সম্প্রসারণের পথে বাধা হয়ে থাকবে।

এডিবি চলতি অর্থবছরে বাংলাদেশে মূল্যস্ফীতি বেড়ে ৯ শতাংশে দাঁড়াতে পারে বলেও পূর্বাভাস দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights