৪ রানের ব্যবধানে ৩ উইকেট হারিয়ে বিপাকে বাংলাদেশ
অনলাইন ডেস্ক
আফগানিস্তানের বিপক্ষে টেস্টের প্রথম ইনিংসে পরপর উইকেট হারাচ্ছে বাংলাদেশ। মুমিনুল, মুশফিকের পর অধিনায়ক নাজমুলও ফিরলেন। তিনি আউট হয়েছেন ২৯ রান করে। এর আগে দুই ওপেনার তানজিদ হাসান ও সাদমান ইসলামও বড় ইনিংস খেলার সুযোগ হারান।
মুমিনুল ৩৯ রান করে ইয়ামিন আহমদজাইয়ের বলে আউট হন। লেংথ থেকে ভেতরের দিকে ঢোকা বলটি সামনের পায়ে ভর দিয়ে খেলতে চেয়েছিলেন তিনি। তবে ব্যাটে-বলে ঠিকমতো সংযোগ না হওয়ায় কাভারে রহমত শাহর হাতে ক্যাচ তুলে দেন এই বাঁহাতি ব্যাটসম্যান।
এর আগে ৬৭ রান করে আউট হন সাদমান ইসলাম। মোহাম্মদ সেলিম সাফির বুকসমান উচ্চতার শর্ট বলে পুল করতে গিয়ে বল মাটিতে রাখতে পারেননি তিনি। স্কয়ার লেগে থাকা জিয়া-উর-রহমান দারুণ ক্যাচ নিয়ে সাদমানের ইনিংস থামান।
দিনের শুরুটা অবশ্য দারুণ হয়েছিল বাংলাদেশের। দুই ওপেনার তানজিদ ও সাদমানের ব্যাটে গড়ে ওঠে শতরানের জুটি। আক্রমণাত্মক ব্যাটিংয়ে ৭১ বলে ৮৩ রান করেন তানজিদ। ইসমত আলমের বলে উইকেটকিপার ইকরাম আলিখিলের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। ফলে সেঞ্চুরি থেকে ১৭ রান দূরে থামতে হয় তাঁকে।
অন্যদিকে সাদমান তুলে নেন টেস্ট ক্যারিয়ারের নবম অর্ধশতক। তবে তিনিও ইনিংস বড় করতে পারেননি। এরপর মুমিনুল ৩৯ রান করে ফিরলে বাংলাদেশের ব্যাটিংয়ে চাপ বাড়ে।
