অন্তর্বর্তী সরকার নিজেই নিজেকে ব্যর্থ করলে বিএনপির কিছু করার নেই: রুমিন ফারহানা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
কেন্দ্রীয় বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পরিষ্কারভাবে বলেছেন, অন্তর্বর্তী সরকার গণমানুষের সরকার, এই সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেয়া যাবে না। তবে সরকার যদি নিজেই নিজেকের ব্যর্থ করে, তাহলে আমাদের কিছুই করার নেই। একটি গণতান্ত্রিক দেশ সবচেয়ে বেশি নিরাপদ থাকে নির্বাচিত প্রতিনিধিদের হাতে। সেজন্যই বিএনপি বার বার সরকারকে অনুরোধ করেছে অবাধ নির্বাচনের জন্য যেই পরিবেশ ও সংস্কার দরকার-সেটি করার জন্য। শনিবার রাত ৯টায় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানার এমপ্লয়িজ ক্লাবে আয়োজিত এমপ্লয়িজ ইউনিয়নের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

রুমিন ফারহানা আরও বলেন, শেখ হাসিনার অত্যাচার মানুষ ১৪ বছর সহ্য করেছে। এরপর যখন ফুঁসে উঠেছে মানুষ, তখন দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এখন পাশের দেশে বসে বসে বাংলাদেশে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করে। কিন্তু যতই ষড়যন্ত্র করেন আর কিছুই করতে পারবেন না। বাংলাদেশের মানুষ অনেক সচেতন। তারা নেতা নির্বাচনে ভুল করে না।
আশুগঞ্জ সারকারখানা এমপ্লয়িজ ইউনিয়নের সভাপতি বজলুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক আবু কাউসার ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার মাস্টার, আশুগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নাসির মুন্সী, উপজেলা বিএনপির সহ-সভাপতি ইদ্রিস মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আতাউর রহমান বাবুল প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights