অসহায় জোহরার পাশে দাঁড়াল বসুন্ধরা শুভসংঘ
অনলাইন ডেস্ক
নেত্রকোনার দুর্গাপুর পৌর শহরের দক্ষিণপাড়া আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা ৬৭ বছর বয়সী বৃদ্ধা জোহরা বেগম। দাম্পত্য জীবনে তার দুই ছেলে সন্তান ছিল। কিন্তু একজন এক মাস বয়সে এবং অন্যজন ছয় বছর বয়সে মারা যায়। এরপর স্বামীও মারা যান। স্বামীর মৃত্যুর পর তার জীবনে নেমে আসে অসহনীয় কষ্ট। প্রায় ২০ বছর ধরে স্বামী-সন্তানহীন জীবন একাই কাটাচ্ছেন তিনি। পাশে নেই কোনো স্বজনও।
অন্যের বাড়িতে কাজ করে কিংবা মানুষের কাছে হাত পেতে কোনোরকমে চলছিল তার জীবন। এরই মধ্যে প্রায় ২৮ দিন আগে নামাজের জন্য অজু করতে গিয়ে পা পিছলে পড়ে যান তিনি। এতে তার এক পা ভেঙে যায়। এরপর থেকেই বিছানায় পড়ে দিন রাত কাটছে তার। নিজের খাবার জোগাতেও পারছেন না। আশপাশের বাড়ির মানুষের দেওয়া খাবারে খেয়ে না খেয়ে কোনোরকমে আর চিকিৎসাবিহীন অবস্থায় মানবেতর জীবনযাপন করছেন জোহরা বেগম।
তার এমন অসহায় জীবনযাপনের খবর পেয়ে পাশে দাঁড়িয়েছে বসুন্ধরা শুভসংঘ দুর্গাপুর উপজেলা শাখা।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে দক্ষিণপাড়া আশ্রয়ণ প্রকল্পে জোহরা বেগমের বসতঘরে গিয়ে তার হাতে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। খাদ্যসামগ্রীর মধ্যে ছিল- চাল, ডাল, তেল, চিনি, আটা, আলু, পেঁয়াজ, রসুন, ডিম, লবণ, মরিচ, হলুদ, ধনিয়া ও সাবান।
এ সময় উপস্থিত ছিলেন দুর্গাপুর প্রেসক্লাবের সভাপতি তোবারক হোসেন খোকন, বসুন্ধরা শুভসংঘের উপদেষ্টা এস এম রফিকুল ইসলাম রফিক, উপদেষ্টা নির্মলেন্দু সরকার বাবুল, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও শুভসংঘের উপদেষ্টা মাসুম বিল্লাহ, বসুন্ধরা শুভসংঘের সাধারণ সম্পাদক ও কালের কণ্ঠ প্রতিনিধি আল নোমান শান্ত, সাংবাদিক আল আমিন হাওলাদার প্রমুখ।
খাদ্যসামগ্রী পেয়ে বসুন্ধরা শুভসংঘের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন অসহায় বৃদ্ধা জোহরা বেগম। আবেগাপ্লুত কণ্ঠে তিনি বলেন, আল্লাহ আপনাদের ভালো করুক। দুনিয়াতে আমার কেউ নাই কিন্তু শুভসংঘ আমারে সহযোগিতা করছেন। আমি সবার জন্য দোয়া করি।
দুর্গাপুর প্রেসক্লাবের সভাপতি তোবারক হোসেন খোকন বলেন, বসুন্ধরা শুভসংঘ দীর্ঘদিন ধরে মানবিক কার্যক্রম করে আসছে। এমন অসহায় মানুষের পাশে দাঁড়ানো সত্যিই প্রশংসনীয় উদ্যোগ। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকুক এটাই আমরা চাই।
বসুন্ধরা শুভসংঘের উপদেষ্টা মো. মাসুম বিল্লাহ বলেন, জীবনের শেষ প্রান্তে এসে যার কেউ নেই তার পাশে দাঁড়িয়েছে বসুন্ধরা শুভসংঘ। এভাবে অন্যরাও যদি তার পাশে দাঁড়ায় তাহলে তিনি জীবনের শেষ সময়টুকু একটু স্বস্তিতে কাটাতে পারবেন।
উপজেলা বসুন্ধরা শুভসংঘের সাধারণ সম্পাদক আল নোমান শান্ত বলেন, আমরা সমাজের ভালো কাজগুলোর পাশে থাকতে চাই। এরই ধারাবাহিকতায় বিগত দিনের মতো বর্তমানেও আমাদের কার্যক্রম অব্যাহত আছে। বৃদ্ধা জোহরার অসহায়ত্বের খবর আমাদের কাছে পৌঁছালে আজ আমরা তার পাশে দাঁড়িয়েছি। আমরা যে খাদ্যসহায়তা দিয়েছি তাতে প্রায় এক মাস তার চলে যাবে। তবে আমরা চাই তার পাশে সরকারি সহায়তা কিংবা সামাজিক সংগঠনগুলোও এগিয়ে আসুক।
এদিকে অসহায় বৃদ্ধা জোহরা বেগমের পাশে দাঁড়ানোয় বসুন্ধরা শুভসংঘের কার্যক্রমের প্রশংসা করেছেন স্থানীয় বাসিন্দারা। তারাও সংগঠনটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
