আল্লাহর নৈকট্য লাভের উপায়

মাওলানা মুহম্মাদ আশরাফ আলী
আল্লাহর নৈকট্য লাভ করা যায় অপর মানুষের প্রতি দয়া ও সদাচরণের মাধ্যমে। দয়ার অন্য নাম সদাচরণ, যাকে আরবিতে হুসনুল খুলক বা খুলুকুল আজিম বলে। সদাচরণ আল্লাহর কাছে অনেক পছন্দনীয় আমল। ফরজ ইবাদতের পর সর্বোৎকৃষ্ট কাজ হলো সদাচরণ। তাই সদাচরণকারী ব্যক্তি আল্লাহর কাছে যেমন প্রিয় হয় তেমনি মানুষের কাছেও প্রিয়। আর এ কারণে প্রিয়নবী (সা.) একটি হাদিসে ইরশাদ করেন, নিশ্চয়ই মুমিন বান্দা তার সদাচরণের মাধ্যমে রোজাদার ও রাত জেগে ইবাদতকারীর মর্যাদা লাভ করে। (আবু দাউদ)। আল্লাহ দয়ালু ও মেহেরবান। তিনি নিজে যেহেতু এই গুণ ধারণ করেন যেহেতু তিনি দয়াকারীকে পছন্দ করেন। তাঁর সৃষ্টির সঙ্গে দয়া করলে খুশি হন। দয়াকারীর প্রতি আল্লাহ বেশি বেশি দয়া করেন। যারা দয়ালু তাদের প্রতি স্বয়ং রহমান দয়া করেন। সুতরাং দুনিয়াবাসীর প্রতি তোমরা দয়া কর তবেই আসমানবাসী তোমাদের প্রতি দয়া করবে। (আবু দাউদ)।

ইসলামি শরিয়তে সদাচরণ কেবল যে উত্তম আমল তা-ই নয় বরং একে পূর্ণ ইমানের পরিচয় হিসেবে আখ্যায়িত করা হয়েছে। একটি হাদিসে রসুল (সা.) ইরশাদ করেন, সবচেয়ে পরিপূর্ণ ইমানদারদের অন্তর্ভুক্ত ওই ব্যক্তি, যার চরিত্র সবচেয়ে ভালো এবং যে আপন পরিবারপরিজনের সঙ্গে সবচেয়ে বেশি নম্র আচরণকারী। সদাচরণে রয়েছে সীমাহীন নেকি। যে কারণে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদাচরণে উৎসাহিত করেছেন। সদাচরণ নেকির পাল্লা ভারী করে দেয়। একটি হাদিসে রসুল (সা.) ইরশাদ করেন, মুমিনের পাল্লায় সচ্চরিত্রের চেয়ে বেশি ভারী কোনো জিনিস থাকবে না। (আবু দাউদ)।

রসুল (সা.)-এর প্রিয় পাত্র হওয়া যায় সদাচরণের মাধ্যমে। সদাচরণের মাধ্যমে কিয়ামতের দিন রসুলুল্লাহ (সা.)-এর নিকটবর্তী স্থানে বসার সৌভাগ্য লাভ হবে। রসুল (সা.) ইরশাদ করেন, ‘তোমাদের সবার মধ্যে আমার কাছে অধিক প্রিয় এবং কিয়ামতের দিন আমার সর্বাপেক্ষা নিকটবর্তী স্থানে বসার সুযোগ লাভ করবে ওই সব লোক, যারা তোমাদের মধ্যে অতি উত্তম চরিত্রের অধিকারী।’ (তিরমিজি)। আর এ কারণে রসুল (সা.) সাহাবিদের সদাচারী ও উত্তম চরিত্রের অধিকারী হওয়ার নির্দেশ দিয়েছেন। তিনি ইরশাদ করেন, হে মুয়াজ! মানুষের জন্য তোমার চরিত্র সুন্দর কর (মুয়াত্তা)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights