মাংস না খেয়েও শরীরে আয়রন বাড়ানোর ৫ উপায়

অনলাইন ডেস্ক

শরীরে আয়রনের ঘাটতি দূর করতে শুধু মাংস খাওয়ার প্রয়োজন নেই। শাকসবজি, ডাল, বাদামসহ বিভিন্ন উদ্ভিজ্জ খাবার থেকেও আয়রন পাওয়া যায়। তবে এসব খাবার কীভাবে রান্না ও খাওয়া হচ্ছে, তার ওপর শরীর কতটুকু আয়রন শোষণ করতে পারবে, তা অনেকাংশে নির্ভর করে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বিশেষজ্ঞরা আয়রন শোষণ বাড়ানোর পাঁচটি উপায় জানিয়েছেন।

আয়রন রক্তে হিমোগ্লোবিন তৈরিতে সাহায্য করে। হিমোগ্লোবিন শরীরের বিভিন্ন অংশে অক্সিজেন পৌঁছে দেয়। আয়রনের ঘাটতি হলে ক্লান্তি, দুর্বলতা ও শ্বাসকষ্ট দেখা দিতে পারে।

প্রথমত, শাকসবজি সঠিকভাবে রান্না করতে হবে। পালংশাকে অক্সালেট নামের উপাদান রয়েছে, যা আয়রন শোষণে বাধা দেয়। পালংশাক সেদ্ধ করলে অক্সালেটের পরিমাণ কমে। তবে বাঁধাকপি ও লেটুসের মতো সবজি কাঁচা বা ভাপে রান্না করলে ভিটামিন সি বেশি বজায় থাকে।

দ্বিতীয়ত, আয়রনসমৃদ্ধ খাবারের সঙ্গে ভিটামিন সি খেতে হবে। যেমন খাবারের সঙ্গে লেবুর রস যোগ করা যেতে পারে। ভিটামিন সি উদ্ভিজ্জ খাবার থেকে আয়রন শোষণ বাড়াতে সাহায্য করে।

তৃতীয়ত, গাঁজন করা খাবার খাওয়া উপকারী হতে পারে। গাঁজন প্রক্রিয়ায় শস্য ও বীজে থাকা ফাইটিক অ্যাসিড কমে, যা আয়রন শোষণে বাধা দেয়। এ ক্ষেত্রে গাঁজন করে তৈরি বিশেষ ধরনের রুটি একটি বিকল্প।

চতুর্থত, শুধু বাড়তি আয়রন মেশানো খাবারের ওপর নির্ভর করা ঠিক নয়। বিশেষজ্ঞদের মতে, অনেক প্রক্রিয়াজাত খাবারে যোগ করা আয়রন শরীর সহজে শোষণ করতে পারে না।

পঞ্চমত, খাবারের সঙ্গে চা-কফি এড়িয়ে চলা ভালো। এগুলোতে থাকা কিছু উপাদান আয়রন শোষণ কমায়। ইস্ট অ্যাংলিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুসান ফেয়ারওয়েদার-টেইট খাবারের অন্তত দুই ঘণ্টা পর চা পান করার পরামর্শ দিয়েছেন।

বিশেষজ্ঞরা সুষম খাদ্যাভ্যাস বজায় রাখা এবং চিকিৎসকের পরামর্শ ছাড়া আয়রনের সম্পূরক ওষুধ না খাওয়ার পরামর্শ দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights