আল নাসরের জয়ে গোল করে হাজারের পথে রোনালদো

অনলাইন ডেস্ক
ক্যারিয়ারে এক হাজার গোলের মাইলফলক ছোঁয়ার আরও কাছে পৌঁছেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। এএফসি চ্যাম্পিয়নস লিগ এলিটে কাতারের ক্লাব আল সাদের বিপক্ষে গোল করে নিজের ক্যারিয়ার গোলসংখ্যা ৯৮৭-তে নিয়ে গেছেন পর্তুগিজ এই তারকা।

মঙ্গলবার আল নাসরের মাঠে ম্যাচের ১১ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন ৪১ বছর বয়সী রোনালদো। শেষ পর্যন্ত আল নাসর জয় পায় ২-১ গোলে। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে সৌদি ক্লাবটির হয়ে ১৪ ম্যাচে এটি তাঁর ১১তম গোল।

এটি ছিল ক্যারিয়ারে রোনালদোর ১৮৫তম পেনাল্টি গোল। ম্যাচের প্রথমার্ধে তাঁর আরেকটি গোল অফসাইডের কারণে ভিএআরে বাতিল হয়। বিরতির আগে আল সাদের গোলদাতা মোহাম্মদ ওয়াদ লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। দ্বিতীয়ার্ধে জোয়াও ফেলিক্সের গোলে জয় নিশ্চিত করে আল নাসর।

রোনালদোর ৯৮৭ গোলের হিসাবে একটি গোল নিয়ে বিতর্ক রয়েছে। ২৩ অক্টোবর আল ফয়সালির বিপক্ষে করা গোলটি সৌদি প্রো লিগ তাঁকে দিলেও পরিসংখ্যান সংস্থা অপটা সেটিকে আত্মঘাতী গোল হিসেবে দেখিয়েছে। এক হাজার গোল পূর্ণ করতে এখন তাঁর প্রয়োজন আর ১৩টি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights