আশ্বিনেই শীতের আগমনী বার্তা, ঠাকুরগাঁওয়ে কুয়াশা ও শিশির
ঠাকুরগাঁও প্রতিনিধি
পঞ্জিকার হিসাবে শীত আসতে এখনো সময় বাকি। তবে উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ে আশ্বিনের শেষভাগেই অনুভূত হচ্ছে শীতের আগমনী বার্তা। সন্ধ্যার পর হিমেল বাতাস আর ভোরের কুয়াশা জানান দিচ্ছে ঋতু পরিবর্তনের আভাস। ধানের পাতা ও সবুজ ঘাসে জমে থাকা শিশিরবিন্দুতে ফুটে উঠছে শীতের আগমনের চিত্র।
স্থানীয় বাসিন্দারা জানান, গত কয়েক দিন ধরে মধ্যরাতের পর থেকে পাখার বাতাসে ঠান্ডা অনুভূত হচ্ছে। অনেকেই রাতে কাঁথা কিংবা হালকা চাদর গায়ে জড়াচ্ছেন। ভোরে কুয়াশার মধ্য দিয়ে সূর্য ওঠার সময় ধানের কচি ডগা ও ঘাসের ওপর জমে থাকা শিশিরবিন্দু চোখে পড়ে। শহরের তুলনায় গ্রামাঞ্চলে শীতের এই আমেজ বেশি অনুভূত হচ্ছে।
আবহাওয়াসংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, ভৌগোলিক অবস্থানের কারণে দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় উত্তরাঞ্চলে শীতের প্রভাব আগেভাগে অনুভূত হতে পারে। দিনের বেলায় হালকা গরম থাকলেও সূর্যাস্তের পর ঠান্ডা বাড়ছে। কার্তিক মাস শুরু হলে শীতের আমেজ আরও বাড়তে পারে।
এদিকে, আবহাওয়ার এই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে ঠাকুরগাঁওয়ের বিভিন্ন বাড়িতে লেপ-তোশক ব্যবহারের প্রস্তুতি শুরু হয়েছে। হাটবাজারের গরম কাপড়ের দোকানগুলোতেও বাড়ছে মানুষের আগ্রহ। শীত পুরোপুরি জেঁকে না বসলেও ভোরের কুয়াশা, শিশির আর হিমেল বাতাসে উত্তরের এই জনপদে ঋতু পরিবর্তনের আভাস স্পষ্ট হয়ে উঠছে।
