ইউক্রেনের দুই শহরে রাশিয়ার ড্রোন হামলায় নিহত ২

অনলাইন ডেস্ক

ইউক্রেনের দুই গুরুত্বপূর্ণ শহর ওডেসা ও রাজধানী কিয়েভে নতুন করে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত দুজন নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন এক শিশুসহ আরও পাঁচজন। মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে চালানো এসব হামলায় আবাসিক ও শিল্প ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি অগ্নিকাণ্ডের ঘটনাও ঘটেছে।

ওডেসার গভর্নর ওলেহ কিপার টেলিগ্রামে দেওয়া এক বার্তায় জানান, ওডেসা অঞ্চলে রুশ হামলায় দুইজন প্রাণ হারিয়েছেন এবং এক শিশুসহ আরো তিনজন আহত হয়েছেন। এই হামলায় বেশ কিছু গাড়ি, ব্যক্তিগত বাড়িঘর ও শিল্প ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

একই রাতে ইউক্রেনের রাজধানী কিয়েভেও ড্রোন হামলা চালায় রুশ বাহিনী। শহরটির মেয়র ভিতালি ক্লিচকো জানান, হামলায় একটি বহুতল আবাসিক ভবনে আগুন ধরে যায় এবং দুজন আহত হন।

ক্লিচকো আরও জানান, একটি ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে কিয়েভের কেন্দ্রীয় এলাকার ১৬ তলা ভবনটির নিচের দুটি তলায় আগুন ছড়িয়ে পড়ে। আহত দুই বাসিন্দাকে ঘটনাস্থলেই চিকিৎসা দেওয়া হয়েছে। এদিকে রাজধানীতে বিস্ফোরণের শব্দ শোনার কথা জানিয়েছেন রয়টার্সের প্রত্যক্ষদর্শীরা।

তবে এসব হামলার বিষয়ে রয়টার্স স্বাধীনভাবে তথ্য যাচাই করতে পারেনি। অন্যদিকে রাশিয়া ও ইউক্রেন উভয় দেশই বেসামরিক নাগরিকদের ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু করার অভিযোগ অস্বীকার করে আসছে।

উল্লেখ্য, গত সেপ্টেম্বর থেকে ইউক্রেনের রাজধানী কিয়েভসহ দেশটির বিভিন্ন শহরে প্রায় অবিরাম হামলা চালিয়ে আসছে রুশ বাহিনী। এতে বেসামরিক অবকাঠামোর ক্ষয়ক্ষতির পাশাপাশি সাধারণ মানুষের হতাহতের ঘটনাও বাড়ছে।

সূত্র: রয়টার্স

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights