ইরানি প্রতিনিধিদলকে কি যুক্তরাষ্ট্র ‘অবিলম্বে’ নিউ ইয়র্ক ছাড়তে বলেছিল?
অনলাইন ডেস্ক
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে যাওয়া ইরানি প্রতিনিধিদলকে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার করা হয়েছে—এমন খবর প্রত্যাখ্যান করেছে ইরান। তেহরানের দাবি, পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী প্রতিনিধিদলটি নিউ ইয়র্ক ছেড়েছে এবং এ বিষয়ে কয়েক সপ্তাহ আগেই মার্কিন পররাষ্ট্র দপ্তরকে জানানো হয়েছিল।
তবে বুধবার এক মার্কিন কর্মকর্তা তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলুকে জানিয়েছেন, আলোচনা অচলাবস্থায় পড়ার পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ইরানি কূটনীতিকদের নিউ ইয়র্ক ছাড়ার নির্দেশ দিয়েছিলেন।
অ্যাক্সিওসের এক প্রতিবেদনে বলা হয়, সোমবার সন্ধ্যায় জাতিসংঘে নিযুক্ত মার্কিন মিশন ইরানের মিশনকে রুবিওর নির্দেশের কথা জানায়। এতে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির নেতৃত্বাধীন ইরানি প্রতিনিধিদলকে ‘অবিলম্বে’ নিউ ইয়র্ক ত্যাগ করতে বলা হয়।
এক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে অ্যাক্সিওস জানায়, ইরানি প্রতিনিধিদল তাদের অবস্থানের নির্ধারিত সময় শেষ করে ফেলেছিল। সাধারণ পরিষদের অধিবেশনও শেষ হওয়ায় তাদের চলে যাওয়ার সময় হয়েছিল।
তবে জাতিসংঘে নিযুক্ত ইরানের মিশন এক বিবৃতিতে বলেছে, ইরানি প্রতিনিধিদল সোমবার সন্ধ্যায় নিউ ইয়র্ক ত্যাগ করেছে। এই সময়সূচি ১৭ সেপ্টেম্বরই মার্কিন পররাষ্ট্র দপ্তরকে জানানো হয়েছিল।
যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে প্রতিনিধিদলকে চলে যাওয়ার নির্দেশ দেওয়ার দাবি প্রত্যাখ্যান করে ইরানি মিশন আরও বলেছে, কোনো সাফল্য না পেয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তর এখন ‘ভিত্তিহীন ও মূল্যহীন’ খবর প্রচারের পথ বেছে নিয়েছে।
অ্যাক্সিওসের তথ্যমতে, এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, ইরানি প্রতিনিধিদল মঙ্গলবার স্থানীয় সময় রাত ১টা ২০ মিনিটে নিউ ইয়র্ক থেকে দোহাগামী একটি বিমানে রওনা হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার সকালে হোয়াইট হাউস ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতির আশা করেছিল। তবে বিকেলের দিকে স্পষ্ট হয়ে যায় যে আলোচনা অচলাবস্থায় পড়েছে। এ অবস্থায় কাতারি মধ্যস্থতাকারীরা সমঝোতার একটি প্রস্তাব নিয়ে উভয় পক্ষের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন বলে আঞ্চলিক সূত্র জানিয়েছে।
