কর্মসংস্থান বৃদ্ধি ও শ্রমিকদের জীবনমান উন্নয়নে কার্যকর উদ্যোগ জরুরি’

অনলাইন ডেস্ক

ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় কমিটির নিয়মিত মাসিক বৈঠক আজ শনিবার (৯ মে) সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল কে এম বিল্লাল হোসাইন-এর সঞ্চালনায় বৈঠকে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ খলিলুর রহমান।

সভাপতির বক্তব্যে মুহাম্মাদ খলিলুর রহমান বলেন, দেশে ক্রমবর্ধমান বেকারত্ব, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং শ্রমজীবী মানুষের জীবনমানের অবনতির প্রেক্ষাপটে রাষ্ট্রকে আরও কার্যকর ও বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণ করতে হবে।

তিনি আরও বলেন, নতুন কর্মসংস্থান সৃষ্টি, শিল্পকারখানায় শ্রমিকবান্ধব পরিবেশ নিশ্চিতকরণ, ন্যায্য মজুরি বাস্তবায়ন এবং শ্রমিকদের সামাজিক নিরাপত্তার আওতায় আনা এখন সময়ের দাবি।

বৈঠকে তিনি আরও বলেন, শ্রমিকদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা ছাড়া টেকসই অর্থনৈতিক উন্নয়ন সম্ভব নয়। সরকার, মালিকপক্ষ ও শ্রমিক সংগঠনসমূহের সমন্বিত উদ্যোগের মাধ্যমে দেশের শ্রমখাতকে আরও শক্তিশালী ও মানবিক করতে হবে।

কেন্দ্রীয় নেতৃবৃন্দ দেশের বিভিন্ন অঞ্চলে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন এবং চলমান শ্রমিক সমস্যা, বিভিন্ন সেক্টরের শ্রমিকদের দাবি-দাওয়া এবং আগামী দিনের করণীয় নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি মুহাম্মাদ সিদ্দিকুর রহমান, মুহাম্মাদ হারুন-অর- রশিদ, জয়েন্ট সেক্রেটারি এইচ এম রফিকুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ওবায়দুর রহমান বিন মোস্তফা, শাহ মুহাম্মাদ জামাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ কামাল উদ্দিন আহম্মেদ, প্রচার সম্পাদক মুহাম্মাদ নাজিম উদ্দিন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights