কাউনিয়া উপজেলায় ৮৪ প্যাকেট ভেজাল সার উদ্ধার
নিজস্ব প্রতিবেদক, রংপুর
রংপুরের কাউনিয়া উপজেলায় ৮৪ প্যাকেট ভেজাল সার উদ্ধার করে মাটিতে পুঁতে ফেলা হয়েছে। এসময় টেপামধুপুর জামতলা বাজারে রিয়াদ সার ঘরের মালিক তাহেরুল ইসলামকে ভেজাল সার মজুদ ও বিক্রির অপরাধে তিন হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৯ জুলাই) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মো. মহিদুল হক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় তার সঙ্গে ছিলেন উপজেলা কৃষি অফিসার শাহানাজ পারভীন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কল্লোল কিশোর সরকার ও কাউনিয়া থানা পুলিশের একটি দল।
উপজেলা নির্বাহী অফিসার মো. মহিদুল হক জানান, প্রান্তিক কৃষকরা বাজারে দোকান থেকে মানসম্মত সার মনে করে এসব ভেজাল কিনে নিয়ে গিয়ে জমিতে প্রয়োগ করে। কিন্তু ভেজাল সারের ফলে কৃষকরা কাঙ্খিত ফসল পায় না পাশাপাশি কৃষকরা প্রতারিত হচ্ছে। ভেজাল সার মজুত ও বিক্রি রোধে অভিযান অব্যাহত থাকবে।
