টেকনাফে সাড়ে ৫ হাজার ইয়াবাসহ নারী আটক
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
কক্সবাজারের টেকনাফ থানাধীন আলীর ডেইল এলাকায় অভিযান চালিয়ে সাড়ে ৫ হাজার ইয়াবাসহ দিলদার বেগম দিলু (২৪) নামে এক নারী মাদক কারবারীকে আটক করেছে র্যাব-১৫’র সদস্যরা। আটককৃত দিলু টেকনাফ সাবরাং ইউনিয়নের ২নং ওয়ার্ড আলীর ডেইল এলাকার নাজমুলের স্ত্রী।
কক্সবাজার র্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’এন্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান,মঙ্গলবার (১৮ জুলাই)দিবাগত রাতে টেকনাফ থানাধীন সাবরাং ইউনিয়নের ২নং ওয়ার্ডের আলীর ডেইল এলাকায় কতিপয় মাদক কারবারি মাদকদ্রব্য ইয়াবা বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে র্যাব-১৫, কক্সবাজার’র একটি চৌকস আভিযানিক দল মাদক বিরোধী বিশেষ পরিচালনার করে। অভিযান পরিচালনাকালে র্যাবের উপস্থিতি বুঝতে পেরে কৌশলে পালানোর চেষ্টাকালে দিলদার বেগম দিলু নামে এক নারী মাদক কারবারিকে আটক করা হয়। এসময় ওই নারীর সাথে থাকা পলিথিনের ব্যাগ তল্লাশি করে সর্বমোট ৫ হাজার ৫৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্য ইয়াবাসহ আটক মাদক কারবারির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
