গভীর রাতে প্রবাসীর ফলের গাছ কেটে দিল দুর্বৃত্তরা

মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুরে ইতালি প্রবাসীর গাছ কেটে ফেলছেন দুর্বৃত্তরা। শনিবার গভীর রাতে খোয়াজপুর ইউনিয়নের মধ্যচক এলাকায় প্রবাসীর বাগান বাড়ির আম, পেঁপে, কলা গাছসহ বিভিন্ন প্রজাতির ৬০টি গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় সোমবার মাদারীপুর সদর মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী।

অভিযোগ ও সরেজমিনে গিয়ে জানা যায়, ১০০নং মধ্যচক মৌজার বিআরএস ২৪০নং খতিয়ান, ১৪৯নং দাগে ক্রয়সূত্রে পাঁচখোলা ইউনিয়নের বাহেরচর কাতলা এলাকার মৃত মো. সামচুল হকের ছেলে ইতালি প্রবাসী ওবাইদুল হক বাগান বাড়ি করেন। বাগান বাড়ি পরিচর্যা নিয়মিত করতেন কেয়ারটেকার রেজাউল বেপারী। তিনি হঠাৎ শনিবার দুপুরে গিয়ে দেখেন প্রায় ৬০টি গাছ কেটে ফেলেছে কেউ। এই ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেন কেয়ারটেকার রেজাউল বেপারী।

রেজাউল বেপারী বলেন, এই গাছগুলো শনিবার রাতে কে বা কারা কেটে ফেলেছে তা আমি জানি না। যারা এই গাছগুলো কেটেছে, আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করি।

প্রবাসী ওবায়দুল হক বলেন, ‘দুষ্কৃতিকারীরা আমার বাগান বাড়ির ৫০-৬০টি গাছ কেটে ফেলছে। এতে আমার ব্যাপক ক্ষতি হয়েছে। এটা জঘন্যতম অপরাধ। সরকারের কাছে এই অপরাধের বিচার চাই।’

স্থানীয় ইউপি সদস্য দবির মালোত বলেন, এই গাছগুলো যারা কেটেছে তারা অত্যান্ত ঘৃণিত কাজ করছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানাই।

এ বিষয়ে মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, এ ধরনের অভিযোগ আমরা পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights