চট্টগ্রামে নাশকতার টার্গেট রেলপথ

ইমরান এমি, চট্টগ্রাম

রবিবার (২২ নভেম্বর) রাত ৮টা ৫ মিনিট। নগরীর বটতলী রেলস্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগামী শাটল ট্রেন। একটি বগিতে কেরোসিন দিয়ে পরিকল্পিতভাবে আগুন দেওয়া হয়। তবে শিক্ষার্থীরা তার আগে ওই বগিতে কেরোসিনের গন্ধ পেয়ে খবরটি ছড়িয়ে দেন। তখন রেলকর্মী ও শিক্ষার্থীদের চেষ্টায় আগুন ছড়িয়ে পড়ার আগেই তা নিভিয়ে ফেলা হয়।

সংশ্লিষ্টরা জানান, নভেম্বরে রেলওয়ের বিভিন্ন স্থাপনায় আটটি নাশকতার ঘটনা ঘটছে। কোথাও স্টেশনে ককটেল বিস্ফোরণ, কোথাও স্টেশনমাস্টারের কক্ষে পেট্রোলবোমা নিক্ষেপ করে আগুন দেওয়া হয়। এ সময় ট্রেনের আসন পুড়িয়ে দেওয়া, কোচের যন্ত্রাংশ কেটে দেওয়া এবং রেললাইনের পাশে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। মূলত ডিসেম্বর মাসকে সামনে রেখে রেলপথকেই টার্গেট করেছে দুর্বৃত্তরা। এই নাশকতার কারণে ট্রেন যাত্রীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। ফলে রেলপথকে নিরাপদ রাখতে বিভিন্ন নির্দেশনা দিয়েছে রেলপথ মন্ত্রণালয়। রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মামুনুল ইসলাম বলেন, ট্রেনে সব ধরনের নাশকতা প্রতিরোধে রেলওয়ে সতর্ক ও সজাগ রয়েছে। বিনা টিকিটে যাত্রী ও ট্রেনের ছাদে ওঠা সম্পূর্ণ বন্ধ করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। এ ছাড়া প্রতিটি স্টেশনে কড়া নজরদারি রাখার জন্য সংশ্লিষ্ট স্টেশনগুলোর দায়িত্বশীলদের নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি ট্রেনে টহল ডিউটি বাড়ানো হয়েছে। রেলওয়ে পুলিশ ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীকে সর্বোচ্চ দায়িত্ব নিয়ে কাজ করার জন্য বলা হয়েছে। একই সঙ্গে আমরা প্রশাসনের কাছে চিঠি দিয়েছি এবং সবার সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ট্রেনে যে কোনো নাশকতা এড়ানোর জন্য সহযোগিতা চেয়েছি। আশা করছি সবার সম্মিলিত প্রচেষ্টায় ট্রেনে কোনো ধরনের নাশকতা করতে পারবে না।

রেলওয়ের তথ্য অনুযায়ী, পূর্বাঞ্চলে প্রতিদিন গড়ে ৫৮টি আন্তনগর, ৪৬টি মেইল ও কমিউটার এবং ৩২টি লোকাল ট্রেন চলাচল করে। কিছুদিন ধরে রেলওয়ের স্টেশনসহ বিভিন্ন স্থাপনায় ককটেল বিস্ফোরণসহ নানা ধরনের নাশকতার ঘটনা ঘটছে। রেলওয়ের এক প্রতিবেদনে ৯ থেকে ১১ নভেম্বর পর্যন্ত পূর্বাঞ্চলের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া আটটি নাশকতার ঘটনার বিবরণ তুলে ধরা হয়েছে। এসব ঘটনায় কয়েকটি ট্রেনের যাত্রায় বিলম্ব হয়েছে। কোথাও রেলের স্থায়ী অবকাঠামোর ক্ষয়ক্ষতি না হলেও যাত্রী ও রেলসম্পদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights