জগন্নাথ বিশ্ববিদ্যালয় এলাকায় ‘ফ্যাসিবাদবিরোধী বিশ্বজিৎ চত্বর’ নির্মাণের ঘোষণা ডিএসসিসি প্রশাসকের

অনলাইন প্রতিবেদক

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) এলাকায় নিহত বিশ্বজিৎ দাসের নামে ‘ফ্যাসিবাদবিরোধী চত্বর’ নির্মাণের ঘোষণা দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রইছ উদ্‌দীনের আবেদনের প্রেক্ষিতে তিনি এই ঘোষণা দেন।

​আজ রবিবার বিকালে ডিএসসিসি কর্তৃক সংস্কারকৃত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আধুনিকায়নকৃত কেন্দ্রীয় মিলনায়তন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডিএসসিসি প্রশাসক এ কথা জানান। প্রায় আড়াই কোটি টাকা ব্যয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এই কেন্দ্রীয় মিলনায়তনটি সংস্কার ও আধুনিকায়ন করে।

​বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রইছ উদ্‌দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান।

​প্রধান অতিথির বক্তব্যে ডিএসসিসি প্রশাসক ঐতিহাসিক বাহাদুর শাহ পার্কের সৌন্দর্য বর্ধন ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শিক্ষার্থীদের ওপর অর্পণ করার ঘোষণা দেন। তিনি বলেন, সিপাহী বিপ্লবের স্মৃতিবিজড়িত বাহাদুর শাহ পার্কের মতো একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থাপনা অব্যবস্থাপনা ও অবহেলায় পড়ে থাকতে পারে না। এটি যথাযোগ্য মর্যাদায় সংরক্ষণের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে।

​শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের গুরুত্ব তুলে ধরে প্রশাসক এসময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের খেলাধুলার জন্য ‘ধূপখোলা মাঠ’ যথাযথভাবে বরাদ্দ দেওয়ার ঘোষণা দেন। এছাড়া পুরান ঢাকাকে কেন্দ্র করে একটি সাংস্কৃতিক বিপ্লব গড়ে তুলতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে নেতৃত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।

​নাগরিক সচেতনতা বৃদ্ধির ওপর জোর দিয়ে ডিএসসিসি প্রশাসক বলেন, শিক্ষার্থীদের আচরণ সাধারণ মানুষ অনুসরণ করে। ডেঙ্গু প্রতিরোধ এবং যেখানে-সেখানে ময়লা-আবর্জনা ফেলা বন্ধে সচেতনতা তৈরিতে শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে। ঢাকা শহরকে বাঁচাতে শিক্ষার্থীদেরই এগিয়ে আসতে হবে।

​অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights