টাকাসহ হারানো ব্যাগ ফিরিয়ে দিলেন অটোরিকশাচালক, প্রশংসায় পুলিশও

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জে টাকাসহ হারানো ব্যাগ প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিয়ে সততা ও মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন অটোরিকশাচালক মো. শরীফ ইসলাম। ব্যাগটি ফিরে পেতে সহযোগিতা করেছে ট্রাফিক পুলিশ ও জেলা পুলিশ।সোমবার (২৬ অক্টোবর) সকাল ৯টার দিকে মুন্সীগঞ্জের সিপাহিপাড়া মোড়ে এ ঘটনা ঘটে।

টঙ্গিবাড়ী উপজেলার হাসাইল গ্রামের মিলন বালা অটোরিকশা থেকে নামার সময় অসাবধানতাবশত টাকাসহ একটি ব্যাগ গাড়িতে ফেলে চলে যান। পরে অটোরিকশাচালক শরীফ ইসলাম ব্যাগটি দেখতে পেয়ে প্রকৃত মালিককে খুঁজতে থাকেন। মালিককে খুঁজে না পেয়ে তিনি মুক্তারপুর ট্রাফিক দায়িত্বে নিয়োজিত এটিএসআই হাবিবুর রহমানকে বিষয়টি জানান।

পরে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যরা ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করেন। জেলা পুলিশের সার্বিক সহযোগিতায় ব্যাগের প্রকৃত মালিক মিলন বালাকে খুঁজে বের হয়। এরপর যাচাই-বাছাই শেষে মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএম মিলন বালার হাতে টাকাসহ ব্যাগটি তুলে দেন।

হারানো ব্যাগ এবং প্রয়োজনীয় জিনিসপত্র অক্ষত অবস্থায় ফিরে পেয়ে মিলন বালা অটোরিকশাচালক শরীফ ইসলাম ও মুন্সীগঞ্জ ট্রাফিক পুলিশের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। জেলা পুলিশ জানায়, সততা ও দায়িত্বশীলতার এমন দৃষ্টান্ত সমাজে পারস্পরিক আস্থা ও মানবিক মূল্যবোধকে আরও শক্তিশালী করে। বিপদে-আপদে যেকোনো সময় বাংলাদেশ পুলিশ জনগণের পাশে রয়েছে বলেও জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights