টেস্টে বিশ্বরেকর্ড গড়লেন লিটন

স্পোর্টস ডেস্ক
টেস্ট ক্রিকেটে অনন্য বিশ্বরেকর্ড গড়েছেন বাংলাদেশের উইকেটকিপার-ব্যাটার লিটন কুমার দাস। আবুধাবি টেস্টে ব্যাট হাতে দুই ইনিংসেই পঞ্চাশোর্ধ্ব রান করার পাশাপাশি উইকেটের পেছনে ৯টি ডিসমিসাল করে ইতিহাস গড়েছেন তিনি। টেস্ট ক্রিকেটের ইতিহাসে এক ম্যাচে দুই ইনিংসে অন্তত ৫০ রান এবং ৯টি ডিসমিসালের কীর্তি গড়া প্রথম ক্রিকেটার লিটন।

মঙ্গলবার (১৩ অক্টোবর) আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের পঞ্চম ও শেষ দিনে ইকরাম আলিখিলকে ফিরিয়ে এই রেকর্ড গড়েন লিটন। এবাদত হোসেনের বলে ব্যাট চালাতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দেন ইকরাম। নিজের শরীর থেকে বেশ দূরে চলে যাওয়া বলটি দারুণ ক্ষিপ্রতায় তালুবন্দি করেন বাংলাদেশের এই উইকেটরক্ষক।

এর আগে টেস্টে এক ম্যাচে দুই ইনিংসে অন্তত অর্ধশতক ও সর্বোচ্চ ৮টি ডিসমিসালের রেকর্ড ছিল দক্ষিণ আফ্রিকার ডেনিস লিন্ডসের। ১৯৬৬ সালে জোহানেসবার্গে অস্ট্রেলিয়ার বিপক্ষে এই কীর্তি গড়েছিলেন তিনি। এবার লিন্ডসকে ছাড়িয়ে নতুন রেকর্ড নিজের করে নিলেন লিটন।

চলতি টেস্টের প্রথম ইনিংসেও দুর্দান্ত উইকেটকিপিংয়ের নজির দেখিয়েছিলেন লিটন। প্রথম স্লিপের কাছাকাছি চলে যাওয়া একটি ক্যাচ ঝাঁপিয়ে ধরে নিয়েছিলেন তিনি। সেই ক্যাচেও বোলার ছিলেন এবাদত হোসেন। দুই ইনিংসেই অসাধারণ কিপিংয়ে বাংলাদেশের হয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন লিটন।

এদিকে, বাংলাদেশের দেওয়া ৪৭৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ম্যাচের চতুর্থ দিন শেষে আফগানিস্তানের সংগ্রহ ছিল ৩ উইকেটে ১৩২ রান। শেষ দিনে জয়ের জন্য তাদের প্রয়োজন ছিল আরও ৩৪৭ রান, অন্যদিকে বাংলাদেশের দরকার ছিল ৭ উইকেট।

মঙ্গলবার ইকরাম আলিখিলকে ফিরিয়ে আফগানিস্তানের ৬৬ রানের জুটি ভাঙেন এবাদত-লিটন জুটি। ২০২ রানে চতুর্থ উইকেট হারায় আফগানিস্তান। দ্বিতীয় ইনিংসে এবাদত হোসেনের শিকার তিন উইকেট, হাসান মাহমুদ নিয়েছেন একটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights