স্বামীর পরকীয়া নিয়ে কথা বলায় স্ত্রীকে হত্যার অভিযোগ

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর মাধবদীতে পরকীয়া সম্পর্ক নিয়ে পারিবারিক কলহের জেরে রেহানা বেগম (৩৮) নামে এক নারীকে মাথায় আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে তাঁর স্বামী জসিম উদ্দিনের বিরুদ্ধে। ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী পলাতক রয়েছেন।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ৬টার দিকে নরসিংদী সদর উপজেলার মহিষাসুরা ইউনিয়নের হামটি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রেহানা বেগম অভিযুক্ত জসিম উদ্দিনের স্ত্রী।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, জসিম উদ্দিনের সঙ্গে অন্য এক নারীর সম্পর্ক ছিল। এ নিয়ে দীর্ঘদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ চলছিল। পাশাপাশি জসিম উদ্দিন বেশ কিছুদিন ধরে বেকার থাকায় সংসারের খরচ চালানো নিয়েও তাঁদের মধ্যে প্রায়ই ঝগড়া হতো।

মঙ্গলবার সকালে তাঁদের দুই মেয়ে মক্তবে পড়তে গেলে বাড়িতে স্বামী-স্ত্রী একা ছিলেন। এ সময় কথা-কাটাকাটির একপর্যায়ে জসিম উদ্দিন তাঁর স্ত্রীর মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই রেহানা বেগমের মৃত্যু হয় বলে পুলিশ জানিয়েছে।

স্থানীয় ছাত্রদল নেতা মাজহারুল ইসলাম প্রিন্স জানান, দীর্ঘদিন ধরেই ওই পরিবারে কলহ চলছিল। শান্তিপ্রিয় এলাকায় এ ধরনের হত্যার ঘটনা কোনোভাবেই কাম্য নয়। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িত ব্যক্তিকে আইনের আওতায় আনার দাবি জানান।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, জসিম উদ্দিনের সঙ্গে এক নারীর সম্পর্ক ছিল। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে মাঝেমধ্যে ঝামেলা ও কথা-কাটাকাটি হতো। মঙ্গলবার সকালে মেয়েরা মক্তবে গেলে কথা-কাটাকাটির একপর্যায়ে জসিম উদ্দিন তাঁর স্ত্রীর মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

ওসি আরও বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। অভিযুক্ত স্বামী পলাতক রয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights