নাজাতপ্রাপ্ত দলের অন্তর্ভুক্ত যারা

শায়খ আহমাদুল্লাহ
ইসলামের নামে প্রচলিত দলের সংখ্যা অসংখ্য। আর প্রতিটি দলের অনুসারীরাই নিজেদের সঠিক বলে দাবি করেন। নানা মত ও পথের ভিড়ে হকপন্থি এবং আখিরাতে মুক্তিপ্রাপ্ত দল কোনটি, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন।

আবদুল্লাহ ইবনে আমর (রা.) থেকে বর্ণিত, রসুল (সা.) বলেছেন, ইহুদিরা একাত্তর দলে বিভক্ত হয়েছে, খ্রিস্টানরা বাহাত্তর দলে বিভক্ত হয়েছে এবং আমার উম্মত তিয়াত্তর দলে বিভক্ত হবে। একটি দল ছাড়া বাকিরা জাহান্নামে যাবে। সাহাবিগণ জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রসুল, সেই দলটি কারা? তিনি বললেন, আমি এবং আমার সাহাবিগণ যে পথ ও আদর্শের ওপর আছি, তার ওপর যারা থাকবে, তারা (সুনানে তিরমিযি, ২৬৪১)। এই হাদিসে নবীজি (সা.) স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, কিয়ামতের দিন কারা নাজাতপ্রাপ্ত হবেন। যারা জীবনের প্রতিটি স্তরে রসুল (সা.) ও তাঁর সাহাবিদের সুন্নাহর ওপর সুদৃঢ়ভাবে প্রতিষ্ঠিত থাকবেন। এদেরই এক কথায় আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ বলা হয়, তারাই নাজাতপ্রাপ্ত দল।

আহলুস-সুন্নাহ মানে সুন্নাহ ধারণকারী। আর জামাআহ অর্থ দল বা সমাবেশ। এখানে উদ্দেশ্য-মুসলিমদের বৃহত্তর মূলধারা বা সাহাবায়ে কেরামের জামাত। আহলুস-সুন্নাহ ওয়াল জামাআহর অর্থ দাঁড়ায়, রসুলের সুন্নাহকে দৃঢ়ভাবে ধারণকারী এবং সাহাবিদের আদর্শের অনুসারী মূলধারার মুসলিম সম্প্রদায়। এর বিপরীত আদর্শের অনুসারীদের বলা হয় আহলুল বিদআহ ওয়াল ফুরকাহ। অর্থাৎ বিদআতের অনুসারী এবং বিচ্ছিন্নতাবাদী সম্প্রদায়।

বিশিষ্ট তাবেয়ি সুফিয়ান ইবনে উয়াইনা (রহ.) বলেন, আহলুস সুন্নাহ ওয়াল জামাআ হলো তারা, যারা প্রতিটি ক্ষেত্রে ও সর্বদা রসুল (সা.)-এর সুন্নাহর অনুসরণ করে। আহলুস সুন্নাহ ওয়াল জামাআ প্রচলিত রাজনৈতিক বা আদর্শিক দলের মতো কোনো ব্যানারনির্ভর সংগঠন নয়। এবং এটি বিশেষ কোনো গোষ্ঠী বা নির্দিষ্ট ভৌগোলিক পরিচয়ের নামও নয়। বরং এটি একটি আদর্শিক মানদণ্ড। রসুল (সা.) ও সাহাবায়ে কেরামের মৌলিক আদর্শের এই মানদণ্ড যে ব্যক্তি, গোষ্ঠী বা ভূখণ্ডের মানুষের মধ্যে পাওয়া যাবে, তারাই নাজাতপ্রাপ্ত সম্প্রদায় বলে গণ্য হবেন।

জুমার মিম্বর থেকে

গ্রন্থনা : নুরুল ইসলাম তানঈম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights