পুনরায় নির্বাচন চেয়ে ইসিতে লিখিত অভিযোগ হিরো আলমের

নিজস্ব প্রতিবেদক

পুনরায় নির্বাচনের দাবিতে নির্বাচন কমিশনে (ইসি) লিখিত অভিযোগ করেছেন আশরাফুল আলম ওরফে হিরো আলম। আজ রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে লিখিত অভিযোগ নিয়ে ইসির আগারগাঁও অফিসে যান তিনি।

হিরো আলম সংবাদমাধ্যমকে বলেন, ‘ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে ভোট কারচুপি করে আমাকে হারানো হয়েছে। আমি পুনরায় নির্বাচন চাই।’

তিনি বলেন, ‘ঢাকা-১৭ আসনে জাল ভোট পড়েছে। আমার কাছে ভিডিও ফুটেজ আছে, ১২-১৩ বছরের বাচ্চারা পর্যন্ত ভোট দিয়েছে। অনেককে নৌকায় ভোট দিতে বাধ্য করা হয়েছে, ভয়-ভীতি দেখানো হয়েছে। তাই স্পিকার স্যারকে বলবো আরাফাত ভাইকে যেন শপথবাক্য না পড়ান।’
হিরো আলম বলেন, ‘এই নিয়ে আমি তিনটি নির্বাচনে অংশ নিয়েছি। তিন নির্বাচনেই আমার ওপর হামলা হয়েছে, আমার এজেন্টদের বের করে দেওয়া হয়েছে, ফলাফল কারচুপি করা হয়েছে। কাজেই সামনে এই সরকার কিংবা এই নির্বাচন কমিশনের অধীনে আর কোনো নির্বাচন করব না। শুধু একজন সচেতন নাগরিক হিসেবে প্রতিবাদ জানাতে এসেছি। জানি এর হয়তো কোনো প্রতিকার পাবো না। একজন প্রতিবাদী কণ্ঠস্বর হিসেবে লিখিত অভিযোগ জানিয়ে গেলাম।’

ইসিতে আপিল খারিজ করলে কী করবেন? এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘যেহেতু ভোটের অনিয়ম ও জাল ভোটের ফুটেজ আছে তাই হাইকোর্টে যাব। আমি এই নির্বাচনের শেষ দেখে ছাড়ব।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights