বগুড়ায় ব্যবসায়ীকে হত্যার চেষ্টা করে ৪ লাখ টাকা ছিনতাই

নিউজ প্রতিবেদক,বগুড়া

বগুড়ার নন্দীগ্রামে শাজাহান আলী (৪৬) নামের এক ব্যবসায়ীকে হত্যা করার চেষ্টা করে চার লাখ টাকা ও দুইটি মোবাইল ফোন ছিনতাই করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাত ৯টার দিকে নন্দীগ্রাম থানার শরানগাড়ি নামক স্থানে এ ঘটনা ঘটে।

শাজাহান আলী নন্দীগ্রাম উপজেলার ভাটরা ইউনিয়নের মুরালদিঘী গ্রামের মৃত আকবর আলী মন্ডলের ছেলে। তিনি বৃহস্পতিবার রাতে কুমিড়া পন্ডিতপুকুর বাজার থেকে বাইসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। এ ঘটনায় দুর্বৃত্তদের ফেলে যাওয়া ২০ হাজার টাকা, একটি রাম দা ও একটি মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ। নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, শাজাহান আলী কুমিড়া পন্ডিত পুকুর বাজারে বিকাশের এজেন্টের ব্যবসা করেন। বৃহস্পতিবার রাতে দোকান বন্ধ করে বাইসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে শরানগাড়ি নামক স্থানে তিনজন দুর্বৃত্ত তার পথরোধ করে। এরপর গলায় রাম দা দিয়ে জবাই করার চেষ্টা করলে তার চিৎকারে লোকজন এগিয়ে আসলে দুর্বৃত্তরা চার লাখ টাকা নিয়ে পালিয়ে যায়। পরে শাজাহান আলীকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দেন। এদিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে দুর্বৃত্তদের ফেলে যাওয়া একটি মোবাইল ফোন, একটি রাম দা ও ২০ হাজার টাকা উদ্ধার করে।

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম বলেন, উদ্ধার হওয়া মোবাইল ফোনের সূত্র ধরে জড়িত তিনজনকে শনাক্ত করা হয়েছে। রাতেই তাদের বাড়িতে অভিযান চালানো হলেও তাদেরকে পাওয়া যায়নি। ব্যবসায়ী শাজাহান আলীর গলায় আঘাত থাকার কারণে তিনি কথা বলতে পারছেন না। সুস্থ হলে আসলেই কত টাকা খোয়া গেছে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় থানায় মামলা হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights