বন্ধ চিনিকল উৎপাদন পর্যায়ে নিতে কাজ করছে সরকার: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

অনলাইন ডেস্ক

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমীন বলেছেন, দেশের চিনিশিল্পকে লাভজনক পর্যায়ে নিয়ে যেতে কাজ করছে সরকার।

শুক্রবার বিকালে নাটোরের গোপালপুরে অবস্থিত নর্থ বেঙ্গল চিনিকলের আখ মাড়াই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

এ সময় প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার চিনিশিল্পকে লাভজনক পর্যায়ে নিয়ে যেতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। এসব পদক্ষেপের মধ্যে আখ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে আখের ক্রয়মূল্য বৃদ্ধি, আখচাষীদের প্রণোদন প্রদান, নতুন জাতের বীজ ও প্রযুক্তি উদ্ভাবন ও কৃষক পর্যায়ে সরবরাহ ইত্যাদি অন্যতম। এছাড়া নর্থ বেঙ্গল চিনিকলসহ দেশের অন্যান্য চিনিকল উৎপাদনকে বহুমুখী পর্যায়ে নিয়ে যেতে কাজ করছে সরকার। একই সাথে দেশের বন্ধ চিনিকলগুলোকে উৎপাদন পর্যায়ে নিয়ে যেতে কাজ করছে সরকার।

প্রতিমন্ত্রী আরও বলেন, আখ এই এলাকার প্রধান অর্থকরি ফসল। চিনিকলে আখ সরবরাহ করে চিনিকলকে টিকিয়ে রাখতে হবে আখচাষীদের। বর্তমান সরকার আখচাষীদের জন্যে ন্যায্যমূল্য নিশ্চিত করেছেন। পাশাপাশি এই এলাকার কৃষক পরিবার ছাড়াও অসংখ্য মানুষের কর্মসংস্থান হয়েছে এই চিনিকলে। তাই চিনিকল আমাদের জীবন-জীবিকার সাথে ওৎপ্রোতভাবে জড়িয়ে আছে।

বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান মো. শামছুজ্জামান সুরুজের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নর্থ বেঙ্গল চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফরিদ হোসেন ভূঁইয়া।

চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক জানান, চলতি মৌসুমে এক লাখ ৮০ হাজার টন আখ মাড়াই করে ১১ হাজার ৭০০ টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। চিনি আহরণের হার ৬.৫ শতাংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights