বহির্নোঙরে ফের দুই জাহাজের সংঘর্ষ

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম:
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে ফের দুই মাদার ভেসেলের (সমুদ্রগামী বাণিজ্যিক জাহাজ) মধ্যে সংঘর্ষ হয়েছে। শনিবার রাত সাড়ে ১২টার দিকে আলফা অ্যাঙ্করেজ এলাকায় এমভি আনাসসা এবং এমভি জাহাব জাহান নামের দুই বাল্ক ক্যারিয়ারের মধ্যে এ সংঘর্ষ হয়। এতে হতাহতের ঘটনা ঘটেনি। পরবর্তীতে দুটি জাহাজই আলাদা হয়ে নিরাপদে অবস্থান নিয়েছে।

চট্টগ্রাম বন্দর সূত্রে এসব তথ্য জানা গেছে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম জানান, প্রবল স্রোতের কারণে আলফা অ্যাঙ্করেজে প্রবেশকারী স্ল্যাগবোঝাই বাল্ক ক্যারিয়ার এমভি আনাসসা নোঙর করে রাখা এমভি জাহাব জাহানের সামনের অংশে সামান্য স্পর্শ করে। তবে এতে কোনো হতাহত, পানি প্রবেশ বা পরিবেশ দূষণের ঘটনা ঘটেনি।

তিনি আরও জানান, দুর্ঘটনার পরপরই উভয় জাহাজ নিরাপদে আলাদা হয়ে নোঙর করে। বর্তমানে চ্যানেলে নৌ চলাচল সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। দুই জাহাজের ২১ জন ক্রুই নিরাপদ আছেন।

জানা গেছে, লাইবেরিয়ার পতাকাবাহী এমভি আনাসসা ৩৫ হাজার ৩৫০ টন স্ল্যাগ নিয়ে গত ১২ আগস্ট চট্টগ্রাম বন্দরে আসে। অপর জাহাজ বাংলাদেশি পতাকাবাহী এমভি জাহাব জাহান পরবর্তী গন্তব্যে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল।

এর আগে গত শুক্রবার বন্দরের বহির্নোঙরে তেলবাহী ট্যাংকার এমটি সি স্পাইক এবং বাল্ক ক্যারিয়ার এমভি সান শাইন নামের দুই বিদেশি জাহাজের মধ্যে সংঘর্ষ হয়েছিল। এতে তেলবাহী জাহাজটির ইঞ্জিনরুমের পোর্ট কোয়ার্টার ক্ষতিগ্রস্ত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights