বাংলাদেশ-ইইউয়ের এফটিএ দ্রুত করতে গুরুত্বারোপ জার্মান রাষ্ট্রদূতের

অনলাইন ডেস্ক
দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার এবং বাণিজ্য, বিনিয়োগ ও জনসম্পৃক্ততা বাড়ানোর বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ ও জার্মানি।

বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ।

নতুন দায়িত্ব গ্রহণ করায় পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে অভিনন্দন জানান রাষ্ট্রদূত লোটজ। পাশাপাশি বাংলাদেশ-জার্মানি সম্পর্ক আরও জোরদারের আশাবাদ ব্যক্ত করেন।

বাংলাদেশের সঙ্গে জার্মানির দীর্ঘদিনের সম্পৃক্ততা ও উন্নয়ন সহযোগিতার প্রশংসা করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। বাণিজ্য ও বিনিয়োগের পাশাপাশি শিক্ষা, দক্ষতা উন্নয়ন, নবায়নযোগ্য জ্বালানি, জলবায়ু কার্যক্রম, সংস্কৃতি এবং অভিবাসন ও চলাচল ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেন তিনি।

সাক্ষাতে দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয়। বাংলাদেশ-ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যকার অংশীদারত্ব আরও বিস্তৃত করা এবং আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে দুই পক্ষ অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।

জার্মান রাষ্ট্রদূত বাংলাদেশ-জার্মানি সহযোগিতা আরও গভীর করার বিষয়ে তার দেশের অঙ্গীকারের কথা জানান। তিনি বাংলাদেশ-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) দ্রুত সম্পন্ন করা, বিমান চলাচল খাতে সহযোগিতা বৃদ্ধি এবং বাণিজ্য, বিনিয়োগ ও জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানোর ওপর গুরুত্ব দেন।

রাষ্ট্রদূত লোটজ বাংলাদেশের নির্বাচন-পরবর্তী স্থিতিশীলতার বিষয়টি তুলে ধরে বলেন, দেশের বিনিয়োগবান্ধব পরিবেশে জার্মান কোম্পানিগুলোর আগ্রহ বাড়ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights